মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে রাবিতে প্রদীপ প্রজ্জ্বলন ও স্মরণসভা

রাবি প্রতিবেদক ১০ নভেম্বর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১০ নভেম্বর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে রাবিতে প্রদীপ প্রজ্জ্বলন ও স্মরণসভা

‎পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা ও জুম্ম জনগণের জাতীয় জাগরণের অগ্রদূত মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও  প্রদীপ প্রজ্জ্বলন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখা।


‎‎মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।


‎অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্বরে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়।


‎‎এ সময় ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি ও ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে পার্বত্য অঞ্চলের জাতিসত্তাগুলোর স্বতন্ত্র সংস্কৃতি ও জীবনধারা গড়ে উঠেছে। তবে সাংবিধানিক অধিকার, শিক্ষা, ভূমির অধিকার, মানবিক মর্যাদা ও সরকারি সুযোগ-সুবিধা নিয়ে অনিশ্চয়তা ও বৈষম্যের অনুভূতি থেকেই অসন্তোষ তৈরি হয়। এ সংকট নিরসনে সরকার ও মূল ভূখণ্ডের জনগোষ্ঠীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার ও পার্বত্য জনগোষ্ঠীর মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি না করে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা প্রতিষ্ঠা জরুরি।


‎‎তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে বরাদ্দ করা বাজেট প্রকৃতপক্ষে স্থানীয় জনগণের জীবনমান ও কল্যাণে কতটা ব্যয় হচ্ছে, তা নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষার বিকল্প নেই। নানা প্রতিবন্ধকতা ও দারিদ্র্য সত্ত্বেও পার্বত্য অঞ্চলের প্রতিটি পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষিত, দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। কারণ, ভবিষ্যৎ প্রজন্মকে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে তুলতে না পারলে পিছিয়ে থাকার এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন হবে।


‎‎পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি বিজয় চাকমা বলেন,  “এম এন লারমা কেবল পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগোষ্ঠীর নেতা ছিলেন না, বরং তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের প্রতিনিধি।


‎‎পার্বত্য অঞ্চলের সামন্ততান্ত্রিক প্রথা ও তৎকালীন কর্তৃপক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি যেভাবে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং কাপ্তাই বাঁধের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন, তা ইতিহাসের এক অনন্য অধ্যায়।”


‎‎উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর দেশী-বিদেশী ষড়যন্ত্রের কষাঘাতে ক্ষমতালিপ্সু বিভেদপন্থী গিরি-প্রকাশ-দেবেন-পলাশদের হঠকারী সিদ্ধান্তের কারণে এই দিনে তিনিসহ আটজন সহযোদ্ধা আততায়ীর হাতে শহীদ হন। মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটির নানিয়াচরের মাওরুম গ্রামে জন্মগ্রহণ করেন।