মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজে তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ

ঈশ্বরদী প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজে তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ
সংগৃহীত ছবি

বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক শিক্ষা উদ্যোগের অংশ হিসেবে ‘গ্লোবাল অ্যাটমিক কুইজ’ আয়োজন করে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। এ কুইজে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শীর্ষ তিন প্রতিযোগী পাচ্ছেন রাশিয়া ভ্রমণের সুযোগ। সেখানে তাঁরা বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন। রোসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কুইজের খবর গণমাধ্যমকে জানানো হয়েছে। এ বছরের কুইজের প্রতিপাদ্য ‘ওয়ান অ্যাটমিক ডে’।


এতে দৈনন্দিন জীবনে পারমাণবিক প্রযুক্তির অবদান এবং খাদ্য উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, নিউক্লিয়ার মেডিসিন ও মহাকাশ গবেষণায় এ প্রযুক্তির ব্যবহার তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাপী অংশগ্রহণকারীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। রোসাটমের তথ্য অনুযায়ী, কুইজটি প্রকল্পের ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে। বাংলা, ইংরেজি, রুশ, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, তুর্কি, ভিয়েতনামি ও সোয়াহিলিসহ মোট ১৬টি ভাষায় এতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।


কুইজের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে, সে সম্পর্কেও জানতে পারবেন। কুইজে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শীর্ষ তিনজন অংশগ্রহণকারী রাশিয়া ভ্রমণের সুযোগ পাবেন। এ ভ্রমণের অংশ হিসেবে তাঁরা বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন। এ ছাড়া কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে ইলেকট্রনিক সনদসহ শীর্ষ ১০০ জনকে অন্যান্য পুরস্কার দেওয়া হবে।


রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ ও প্রশাসনিক কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে গ্লোবাল অ্যাটমিক কুইজে বিশ্বের ১০০টিরও বেশি দেশের এক লাখ ১১ হাজারের বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নিয়েছেন। পারমাণবিক বিজ্ঞান এবং এর শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগটি ইতোমধ্যে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।