সরকারি নির্দেশনার তোয়াক্কা করেনি ২১ শিক্ষাপ্রতিষ্ঠান
রাজশাহীর মোহনপুরে সরকারি নির্দেশনা ও উপজেলা প্রশাসনের লিখিত চিঠি পাওয়ার পরও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালন করেনি ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান। ৭ নভেম্বর দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করেনি প্রতিষ্ঠানগুলো। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা অমান্যকারী প্রতিষ্ঠানপ্রধানদের শোকজ করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার (অতিরিক্ত দায়িত্ব) দপ্তর থেকে গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তালিকায় রয়েছে ৯টি উচ্চবিদ্যালয়, ছয়টি মাদ্রাসা, দুটি কলেজ ও চারটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রতিবেদন অনুযায়ী, ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা ছিল। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়। কিন্তু নির্দেশনা পাওয়ার পরও তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত কর্মসূচি পালন করা হয়নি।
কর্মসূচি পালন না করা উচ্চবিদ্যালয়গুলো হলো কেশরহাট উচ্চবিদ্যালয়, আমরাইল উচ্চবিদ্যালয়, আতানায়নপুর উচ্চবিদ্যালয়, পাকুড়িয়া উচ্চবিদ্যালয়, বসন্তকেদার বালিকা উচ্চবিদ্যালয়, কোটালিপাড়া ফতেহপুর উচ্চবিদ্যালয়, মসজিদ মিশন একাডেমি উচ্চবিদ্যালয়, বেড়াবাড়ি উচ্চবিদ্যালয় ও ঘাসিগ্রাম নিম্নমাধ্যমিক বিদ্যালয়।
মাদ্রাসাগুলো হলো ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা, মৌপাড়া দাখিল মাদ্রাসা, বসন্তকেদার দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা, হাটরা দাখিল মাদ্রাসা, আত্রাই আলিম মাদ্রাসা ও মোহনপুর হাসানিয়া তামিরুলমিল্লাত আলিম মাদ্রাসা।
কলেজ দুটি হলো পাকুড়িয়া মহাবিদ্যালয় ও কেশরহাট ডিগ্রি কলেজ। আর কারিগরি প্রতিষ্ঠানগুলো হলো বেলনা টেকনিক্যাল অ্যান্ড বাণিজ্যিক ইনস্টিটিউট, করিষা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, বাটুপাড়া টেকনিক্যাল অ্যান্ড বাণিজ্যিক ইনস্টিটিউট এবং কেশরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি যথাযথভাবে পালন না করার অভিযোগে কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।
গত ৯ নভেম্বর দেওয়া নোটিশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ৩ নভেম্বরের নির্দেশনা অনুযায়ী দিবসটি যথাযথ মর্যাদায় পালনের কথা ছিল। কিন্তু বিদ্যালয়ে নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে পালন করা হয়নি। এতে স্থানীয়ভাবে সমালোচনার সৃষ্টি হয়েছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
নোটিশে আরও বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন না করার জন্য প্রধান শিক্ষককে কেন দায়ী করা হবে না, তার লিখিত ব্যাখ্যা তিন কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এবিষয়ে মোহনপুর মোহনপুর হাসানিয়া তামিরুলমিল্লাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরিফুল ইসলাম জানান, তিনি শিক্ষক প্রশিক্ষণ রাজশাহীতে ছিলেন। তার পরিবর্তে ভারপ্রাপ্ত সহকারি সুপারকে দায়িত্ব অর্পণ করা হয়েছিল। তিনি কেন দিবসটি পালন করেননি তা খোঁজ নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবু জাফর আলী বলেন, সরকারি নির্দেশনা পাওয়ার পরও যেসব শিক্ষাপ্রতিষ্ঠান কর্মসূচি পালন করেনি, সেগুলোর তালিকা তৈরি করে ইউএনওর কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানেরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় বন্ধ করার অভিযোগে বসন্তকেদার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককেও শোকজ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অমান্য করেছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
এবিষয়ে বক্তব্য জানতে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এর সরকারি নাম্বারে ফোন করলে কোন সাড়া পাওয়া যায়নি।