বুধবার, নভেম্বর ১১, ২০২৬

বরেন্দ্র অঞ্চলে পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে

নিজস্ব প্রতিবেদক ১১ নভেম্বর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১১ নভেম্বর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
বরেন্দ্র অঞ্চলে পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে হবে

বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আকতার জাহান। তিনি বলেছেন, প্রচলিত আইন মেনে দীর্ঘমেয়াদি, টেকসই ও কার্যকর উদ্যোগ নিতে হবে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় গণতান্ত্রিক সংলাপ ও যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


রাজশাহী ও নওগাঁ জেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় এনগেজ (ঊঘএঅএঊ) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।


প্রধান অতিথির বক্তব্যে এ সময় শাহানা আকতার জাহান আরো বলেছেন, পরিবেশগত সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় প্রচলিত আইনের আলোকে দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়ন জরুরি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিতে হবে।


সংলাপে রাজশাহী ও নওগাঁ জেলার ৪০ জন সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন। তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সৃষ্ট নানা সংকট তুলে ধরেন। এর মধ্যে রয়েছে পানির সংকট, বিকল্প পানির উৎসের অভাব, খাসপুকুর ভরাট ও ইজারা, অপরিকল্পিত সেচের মাধ্যমে ভূগর্ভস্থ পানির অপচয়, ইটভাটার দূষণ এবং পলিথিন ও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার। এসব সমস্যা সমাধানে বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগের পাশাপাশি টেকসই উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন অংশগ্রহণকারীরা।


আলোচনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, পানি সাশ্রয়ে ধানের পরিবর্তে কম পানিনির্ভর ফসল চাষের বিকল্প নেই। ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা নিয়ে গবেষণা করতে হবে। গবেষণার বাস্তব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করে সংকট সমাধানে এগোতে হবে।


জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ বলেন, পানি সংকট ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার সমস্যা মোকাবিলায় গভীর নলকূপ স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান আইন মেনে চলতে হবে।


বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান পানি সংকট মোকাবিলায় প্রাকৃতিক পানিচক্রের স্বাভাবিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. একরামুল হক খান। প্রকল্পের উদ্দেশ্য ও আলোচ্য বিষয় নিয়ে উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. রুহুল আমিন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট কাউন্সিলর ও গ্রিন ইকোনমি অ্যান্ড পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান তুবাইশ বেয়ারম্যান, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার মিজ লুলে ভ্যালেন্টিনা লুচিজ এবং নেটজ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স স্টাইলো।


সংলাপে অংশগ্রহণকারীরা পানি সংকট মোকাবিলায় ১১ দফা সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, সরকার ঘোষিত অতি উচ্চ ও উচ্চ পানিসংকটাপন্ন এলাকায় নতুন গভীর নলকূপ স্থাপন নিয়ন্ত্রণ, জাতীয় পানি নীতি অনুযায়ী নিরাপদ পানীয় পানির প্রাপ্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো। এ জন্য পদ্মা ও মহানন্দা নদীর পানি শোধন করে পাইপলাইনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে সুপেয় পানি সরবরাহের সুপারিশ করা হয়। একই সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে বৃষ্টির পানি সংরক্ষণব্যবস্থা বাধ্যতামূলক করা এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়াতে প্রাকৃতিক রিচার্জ এলাকা সংরক্ষণের কথা বলা হয়।


জলমহাল ব্যবস্থাপনায় স্থানীয় কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যবাহী খাসদিঘি ও খাল অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার সুপারিশ করেন তারা। পানি ব্যবস্থাপনা কমিটিতে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।


এ ছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর কার্যকর প্রয়োগ, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নদী ও জলাধারে পয়োবর্জ্য ও শিল্পবর্জ্য ফেলা বন্ধের সুপারিশ করা হয়।


অনুষ্ঠানে নেটজ বাংলাদেশের এনগেজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সারা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম খানসহ রাজশাহীর সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।