বুধবার, নভেম্বর ১১, ২০২৬

রেলের ডিউটি পাসে কোটি টাকার দুর্নীতি

সোনার দেশ ১১ নভেম্বর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ১১ নভেম্বর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
রেলের ডিউটি পাসে কোটি টাকার দুর্নীতি

স্বচ্ছতা, নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা দরকার

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে কর্মকর্তা-কর্মচারীদের ডিউটি পাসের অপব্যবহার করে কোটি কোটি টাকার টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে। দায়িত্ব পালনের প্রয়োজনে কর্মকর্তাদের জন্য বরাদ্দ বিনা মূল্যের ভ্রমণ সুবিধাকে ব্যবহার করে একটি চক্র হাজার হাজার টিকিট ইস্যু করে সেগুলো কালোবাজারে বিক্রি করেছে বলে অভিযোগ। পশ্চিমাঞ্চলের চারটি স্টেশনে প্রাথমিক তদন্তে ১ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকার অনিয়ম পাওয়া গেছে। গত তিন বছরে এ ধরনের দুর্নীতির পরিমাণ ৩ কোটি টাকার বেশি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সহজের সার্ভারের তথ্য অনুযায়ী, দিনাজপুর, রাজশাহী, ঈশ্বরদী ও পার্বতীপুর স্টেশনের চারটি ডিউটি পাসের বিপরীতে ৪ হাজার ৭১৬ বার বিনা মূল্যে টিকিট ইস্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ৪৪ লাখ ৮০ হাজার ৩০০ টাকা, রাজশাহীতে ৩৫ লাখ ৭ হাজার ৮১৩ টাকা, ঈশ্বরদীতে ১৯ লাখ ৩৬ হাজার ১৪৪ টাকা এবং পার্বতীপুরে ৪ লাখ ১৪ হাজার ৮৪২ টাকার টিকিট ইস্যুর হিসাব পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস্তবে এতবার ট্রেনে ভ্রমণ করেছেন কি না।


অভিযোগ রয়েছে, রাজশাহী রেলস্টেশনের দুই বুকিং সহকারী পুরো পশ্চিমাঞ্চলে টিকিট কালোবাজারির সিন্ডিকেট পরিচালনা করছেন। কোনো কোনো দিন একটি ডিউটি পাসের বিপরীতে শতাধিক বিনা মূল্যের টিকিট ইস্যু করা হয়েছে। এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকেই তাঁদের পাসের বিপরীতে এত টিকিট ইস্যুর বিষয়টি জানেন না বলে দাবি করা হচ্ছে। তবে এসব অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন।


বিষয়টি নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার নির্দেশে তদন্ত হয়েছে। চার সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা জানিয়েছেন, তদন্তে কিছু অস্বাভাবিকতা পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।


রেলওয়ের এই অভিযোগ শুধু সরকারি অর্থ আত্মসাতের বিষয় নয়, যাত্রীসেবার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তৈরি করেছে। বিনা মূল্যের টিকিটের নামে আসন বাণিজ্যিকভাবে বিক্রি হলে সাধারণ যাত্রীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শুধু বুকিং সহকারীদের নয়, তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকাও খতিয়ে দেখা জরুরি।


আমরা মনে করি, তদন্ত প্রতিবেদন ফাইলবন্দী করে রাখার সুযোগ নেই। পশ্চিমাঞ্চলের সব স্টেশনে ডিউটি পাস ব্যবহারের হিসাব যাচাই করে প্রকৃত অনিয়মের পরিমাণ নির্ধারণ করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভ্রমণের তথ্য ও টিকিট ইস্যুর রেকর্ড মিলিয়ে দায়ীদের চিহ্নিত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধার নিশ্চিত করতে হবে। রেলওয়ের বিশেষ সুবিধা যেন দুর্নীতির হাতিয়ারে পরিণত না হয়, সে জন্য স্বচ্ছতা, নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি।