বুধবার, নভেম্বর ১১, ২০২৬

জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে মাদকের আখড়া!

সোনার দেশ ০৯ নভেম্বর ২০২৬ ১১:৩২ অপরাহ্ন সম্পাদকীয়
সোনার দেশ ০৯ নভেম্বর ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে মাদকের আখড়া!

এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই যদি দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক। জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাত্র ২০০ গজের মধ্যে একটি চায়ের দোকানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও ফেনসিডিল বিক্রির অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, আশপাশের নালা-নর্দমায় পড়ে থাকা ফেনসিডিলের খালি বোতল এবং স্থানীয়দের বক্তব্যে ওই এলাকায় মাদক সেবনের চিত্রও উঠে এসেছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যালয়ের এত কাছে এমন কর্মকাণ্ড চলার অভিযোগ কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।


সম্প্রতি ওই চায়ের দোকানের মালিক জাকির হোসেনকে ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু গ্রেপ্তারের পরও দোকানটি বন্ধ হয়নি; স্বজনদের দাবি, তারা এখন সেটি চালাচ্ছেন। অর্থাৎ একজনকে গ্রেপ্তার করলেই মাদকের কারবার বন্ধ হয়ে যায় না। এর পেছনে কারা জড়িত, কারা সরবরাহ করছে এবং কারা এই ব্যবসা থেকে সুবিধা নিচ্ছে—সেসব খুঁজে বের করা জরুরি। স্থানীয়দের অভিযোগ, জাকির গ্রেপ্তার হলেও এলাকায় অন্যদের মাধ্যমে মাদকের কারবার চলছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।


আরও উদ্বেগের বিষয়, জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের একটি ভবনে কয়েকটি দোকান ও ব্যক্তিগত চেম্বার ঘিরে দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলার অভিযোগ করেছেন স্থানীয় দলিল লেখকেরা। তাদের দাবি, ভবনটি একসময় জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণ করা হলেও পরে ভাড়া দেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তার জানা ছিল না এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো দোকান ভাড়া দেওয়া হয়নি। তার বক্তব্যের পর ভবনটির মালিকানা, বরাদ্দ ও ভাড়ার বিষয়টি খতিয়ে দেখা আরও জরুরি হয়ে পড়েছে। সরকারি সম্পত্তি বা সরকারি কার্যালয়-সংশ্লিষ্ট কোনো স্থাপনা কীভাবে ব্যবহৃত হচ্ছে, তার স্বচ্ছ হিসাব থাকা প্রয়োজন।


প্রশ্ন হচ্ছে, জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের এত কাছে মাদকের কারবার চলার অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এল না কেন? নিয়মিত নজরদারি ও অভিযান থাকলে এমন পরিস্থিতি দীর্ঘদিন চলার কথা নয়। প্রশাসনের কার্যালয়ের আশপাশে অপরাধের অভিযোগ উঠলে তা শুধু স্থানীয় সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই; এটি প্রশাসনিক তদারকি ও আইন প্রয়োগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলে। তবে অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র বের করে আনতে হবে।


জেলা প্রশাসক বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানোর কথা বলেছেন। এটি ইতিবাচক উদ্যোগ। এখন প্রয়োজন দ্রুত তদন্ত, দোকান ও ভবনগুলোর ভাড়া এবং ব্যবহারের বৈধতা যাচাই, মাদকের উৎস শনাক্ত এবং সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। একই সঙ্গে ওই এলাকায় নিয়মিত পুলিশি নজরদারি নিশ্চিত করতে হবে। প্রশাসনের নাকের ডগায় মাদকের কারবার চলবে, আর সাধারণ মানুষ আতঙ্ক ও ক্ষোভ নিয়ে তা দেখবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মাদকের বিরুদ্ধে অভিযান হতে হবে লোকদেখানো নয়, কার্যকর ও ধারাবাহিক। প্রশাসনের মর্যাদা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃশ্যমান ব্যবস্থা এখন সময়ের দাবি।