বুধবার, নভেম্বর ১১, ২০২৬

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সোনার দেশ ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ১০:০৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে সশস্ত্র বাহিনী

পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছে বলেও জানান তিনি।


বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নত্তোর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।


প্রশ্নত্তোর পর্বে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীদ্বারা হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের যেসব অভিযোগ উঠেছে- সেসব বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে? বিগত পাঁচ বছরে এ ধরনের কতটি ঘটনা ঘটেছে এবং কতজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছেন?


উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে ৪৩৫ বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছে।


তিনি বলেন, বিগত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলো বেসামরিক জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠীর ওপর ও ৮১ বার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলা হয়েছে। এছাড়া সশস্ত্র গোষ্ঠীদ্বারা ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ও ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘পারেশন উত্তরণ’ চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।


তথ্যসূত্র: জাগোনিউজ