বাবা ডেঙ্গু আক্রান্ত, বোন অসুস্থ; রামেক হাসপাতালে গ্রিলবিহীন বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু
বাবা ডেঙ্গু আক্রান্ত, ছয় বছরের বোনের জন্মগতভাবে একটি কিডনি নেই। দুজনই ভর্তি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারের টাকাপয়সাও প্রায় শেষ। তাই হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মা সেলিনা বেগম।
প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চিকিৎসকের চেম্বারে ছোটাছুটি করছিলেন তিনি। এরই মধ্যে ওয়ার্ডের গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায় দুই বছরের শিশু আবু হুরাইরা। বারান্দায় নিরাপত্তার জন্য কোনো গ্রিল ছিল না। সেখান থেকে নিচে পড়ে মৃত্যু হয় শিশুটির।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নতুন হাঁটতে শেখা শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
নিহত আবু হুরাইরার বাবার নাম হৃদয় আলী। তাঁদের বাড়ি কুষ্টিয়া সদর এলাকায়। হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাঁর ছয় বছর বয়সী মেয়ে উম্মে খাদিজা ভর্তি রয়েছে ২৪ নম্বর ওয়ার্ডে। জন্মগতভাবে তার একটি কিডনি নেই। তারও পেটের সমস্যা রয়েছে। বাবা ও মেয়ের দুজনের হাতেই স্যালাইনের ক্যানুলা লাগানো।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাঁদের জমানো টাকা শেষ হয়ে গিয়েছিল। এ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সেলিনা বেগম। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তিনি চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন। তখন দুই বছরের আবু হুরাইরা ওয়ার্ডে ছিল। একপর্যায়ে গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায় সে। ওই বারান্দায় কোনো গ্রিল ছিল না। সেখানে পিলারের প্লাস্টারের কাজ করছিলেন মিস্ত্রিরা। নির্মাণকাজ চলায় জায়গাটি ছিল কিছুটা অরক্ষিত।
দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে তার শরীরে স্যালাইন দেওয়া হয়। বেলা আড়াইটার দিকে ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একটি টেবিলের ওপর পড়ে আছে শিশুটির নিথর দেহ। তখনো তার শরীরে স্যালাইন লাগানো ছিল। নাক দিয়ে রক্ত ঝরছিল। শিশুটিকে একনজর দেখতে সেখানে রোগীর স্বজনদের ভিড় জমে। তাঁদের সামলাতে ব্যস্ত ছিলেন দুজন আনসার সদস্য।
এদিকে ১১ নম্বর ওয়ার্ডের সামনের করিডরে একটি বিছানায় বসে আহাজারি করছিলেন বাবা হৃদয় আলী। অসুস্থ শরীর নিয়েই সন্তান হারানোর শোকে ভেঙে পড়েন তিনি। পাশেই ছিল তাঁর ছয় বছরের মেয়ে উম্মে খাদিজা। যে পরিবারটি নিজেরাই চিকিৎসার জন্য হাসপাতালে অসহায় অবস্থায় ছিল, তাদেরই এখন সন্তান হারানোর শোক সইতে হচ্ছে।
হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ‘ওটা নির্মাণাধীন জায়গা, কিছুটা অরক্ষিত ছিল। বাচ্চাটা অভিভাবকহীন অবস্থায় ছিল। বাচ্চাটা খেলতে খেলতে পড়ে গেছে। দ্রুত চিকিৎসা শুরু হলেও শিশুটিকে বাঁচানো যায়নি।’
তিনি আরও বলেন, হাসপাতালের দাপ্তরিক ও পুলিশের আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।