বুধবার, নভেম্বর ১১, ২০২৬

‘কত বড় বেকুব হলে একজন মানুষ বলতে পারে, আমি স্বামী-স্ত্রীর চাকরি করা পছন্দ করি না’

পাবনা প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ ১০:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ ১০:২২ অপরাহ্ন
‘কত বড় বেকুব হলে একজন মানুষ বলতে পারে, আমি স্বামী-স্ত্রীর চাকরি করা পছন্দ করি না’

‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না’-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন বক্তব্যের পর পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) ডা. তসলিমুল আরেফিন এর একটি ফেসবুক পোস্ট ঘিরে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে।


পোস্টে তিনি লিখেছেন ‘কত বড় বেকুব হলে একজন মানুষ বলতে পারে আমি স্বামী-স্ত্রীর চাকরি করা পছন্দ করি না।’ তবে ডা. তসলিমুল আরেফিনের দাবি, তিনি প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে এমন মন্তব্য করেননি। তার এক আত্মীয়ের স্বামী-স্ত্রীর চাকরি বিরোধী কথার প্রেক্ষিতে সেটা লিখেছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এলজিইডি সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এর প্রধান কারণ হলো, এর সরাসরি প্রভাব গিয়ে পড়ে সন্তানদের ওপর।’


তিনি স্পষ্ট করে বলেন, ‘মেয়েরা কেবল সন্তান লালন-পালনের জন্যই জন্মেছে-বিষয়টি মোটেও এমন নয়। সন্তান অন্য কেউও লালন-পালন করতে পারে, কিন্তু বাবা-মায়ের নিবিড় ছায়ায় বড় হলে তাদের মধ্যে একটি অন্যরকম মানসিক উপলব্ধি ও মূল্যবোধ তৈরি হয়।’


বিষয়টি যেন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত না হয় সে বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘একই পরিবারে দুজন চাকরি করুক তাতে আমার কোনো আপত্তি নেই, তবে একজন চাকরি করলে পরিবারের জন্য ভালো হয়-এটি একেবারেই আমার ব্যক্তিগত অভিমত।’


এদিকে, বুধবার (১১ নভেম্বর) সকালে আড়াইশ’ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের চলতি দায়িত্বে থাকা সহকারী পরিচালক ও ড্যাবের জেলা আহবায়ক ডা. তসলিমুল আরেফিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন ‘কত বড় বেকুব হলে একজন মানুষ বলতে পারে আমি স্বামী-স্ত্রীর চাকুরি করা পছন্দ করি না।’


এরপর তিনি আরেকটি পোস্টে লেখেন-‘সুষ্ঠু পরিকল্পনা এবং ব্যবস্থাপনা থাকলে স্বামী-স্ত্রীর চাকুরী সন্তান প্রতিপালনের পথে কোনো বাধায় না। বরঞ্চ  চাকুরী করার সামর্থ্য থাকলে চাকুরী না করাটাই দেশের প্রতি অন্যায়।’


যদিও ডা. তসলিমুল আরেফিন তার ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রীর নাম উল্লেখ করেননি। কিন্তু ইঙ্গিতপূর্ণ সমালোচনায় এমন লিখেছেন বলে ধারণা অনেকের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই পোস্ট দুটি ছড়িয়ে পড়ার পর নানা শ্রেণির মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।


এ বিষয়ে পাবনার কয়েকজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসপাতালের সহকারী পরিচালকের সহধর্মিণী ডা. শারমিন খাতুন পলিও একই হাসপাতালের গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট। দু’জনেই চাকরি করেন জন্য এমন মত প্রকাশ করেছেন বলে তাদের মন্তব্য।


পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, এমন পোস্ট নিয়ে কোন মন্তব্য করতে চাইছি না। যার যার মতো করে মত প্রকাশ করেছেন। এটা তাদের পার্সোনাল বিষয়, সাংবিধানিক কোন শর্তের মধ্যে পড়ে না।


এ বিষয়ে জানতে চাইলে আড়াইশ’ বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) ডা. তসলিমুল আরেফিন বলেন, আমার এক আত্মীয় স্বামী-স্ত্রী চাকরী করা নিয়ে আমাকে বলছিলেন। আমি শুধু তার কথার পরিপ্রেক্ষিতে ফেসবুকে পোস্টটা করেছি। প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আমি পোস্ট করতে যাবো কেন। ফেসবুক ব্যক্তিগত অনুভুতি শেয়ার করার জায়গা, সেখানে আমার অনুভুতি শেয়ার করেছি। আমি কাউকে ইঙ্গিত করেও বলি নাই। এটা হতে পারে কাকতালীয়। পৃথিবীতে একই সময়ে একই কথা কি একাধিক লোক বলতে পারে না?


একাধিক সরকারি সাবেক ও বর্তমান কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথমত তিনি সরকার দলীয় পেশাজীবি সংগঠন ড্যাবের জেলা পর্যায়ের শীর্ষ নেতা। তারপর তিনি সরকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে আসীন। তার পক্ষে সরকারের বা সরকারের কোন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করা উচিত নয়।


এদিকে, হাসপাতালের বিভিন্ন সূত্র জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি সহকারী পরিচালকের চলতি দায়িত্ব পদে পদায়ন হয়েছেন। যোগদানের পর থেকে তিনি অফিসের নেমপ্লেট, টেবিলের নেমপ্লেট, সিল ও দাপ্তরিক কোন কাগজপত্রে তিনি কোথায়ও চলতি দায়িত্ব শব্দটি ব্যবহার করেন না। একইভাবে তার সহধর্মিণী ডা. শারমিন খাতুন পলি জুনিয়র কনসালটেন্ট হলেও তিনি নিজেকে সহকারী অধ্যাপক ব্যবহার করে প্যাড ও নেমপ্লেট ব্যবহার করছেন। এটা নিয়েও রয়েছে নানা গুঞ্জন।