কারণ দর্শানো নোটিশের জবাব দিলেন প্রধান শিক্ষক শফিকুল
মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন তিনি। গত ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’টি বিদ্যালয়ে যথাযথভাবে পালন করা হয়নি মর্মে ৯ নভেম্বর তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।
এরই আলোকে বুধবার১১ নভেম্বর সভাপতি বরাবর নোটিশের লিখিত জবাব দেন তিনি। এদিন বিদ্যালয়ের স্টাফ মিটিংয়ের মাধ্যমে দেয়া নোটিশের জবাবটি সন্তোষজনক হিসেবে সভাপতি গ্রহন করেন।
এ বিষয়ে জানতে চাইলে কেশরহাট উচ্চবিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান বলেন, জাতীয় দিবসে সকলের গুরুত্ব দেয়া প্রয়োজন। প্রধান শিক্ষক সন্তোষজনক ভাবে জবাব দিয়েছেন। এজন্য তাঁর লিখিত জবাবটি গ্রহন করা হয়েছে। আগামী দিনে প্রতিষ্ঠানের সফলতা প্রত্যাশা রইল।