পোশাক খাতে অস্থিরতার নেতৃত্বে বিরোধী দলের শ্রমিক সংগঠনও: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্তের ওপার থেকে বিপুল অর্থ আসছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এর সঙ্গে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
এছাড়া পোশাক খাতে অস্থিরতায় সংসদে প্রতিনিধিত্বকারী একটি দলের শ্রমিক সংগঠনও নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও সেই দলের নাম বলেননি সালাহউদ্দিন আহমদ।
জাতীয় সংসদে বুধবার কার্যপ্রণালি বিধি অনুযায়ী দেওয়া বক্তব্যে এসব অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগের দিন সংসদে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চেয়েছিলেন। তার জবাবে এ বিবৃতি দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “বিশ্বে চলমান কয়েকটি যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এতে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় মেটাতে কষ্ট হচ্ছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশীয় সহযোগীরা শ্রমিকদের বিক্ষোভে উসকানি দিচ্ছে।”
“সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি পোশাক শিল্পে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, আমরা শুরুতেই এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছি। সরকার একদিকে নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে শ্রমিকদের কষ্ট কমাতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।”
শ্রমিক ও মালিকপক্ষসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক করে নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, “নির্ধারিত সময়ের পূর্বেই আমরা শ্রমিক-মালিকসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিকবার বৈঠক করে মজুরি বোর্ড গঠন করেছি। সেই মজুরি বোর্ডে কয়েকটি মিটিংও হয়েছে, তারা সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি ন্যূনতম মজুরি ঘোষণা করবেন। খুব শিগগিরই।”
এই উদ্যোগ শ্রমিক ও মালিক উভয় পক্ষ মেনে নিয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরে গেছেন বলেও দাবি করেন তিনি।
এরপরও একটি মহল নতুন করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, “একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে তাদের শ্রমিক সংগঠন এবং গোপন সংগঠনের নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে উসকানি দিয়ে মজুরি বোর্ড গঠনে ও ন্যূনতম মজুরি নির্ধারণের অজুহাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর সঙ্গে পতিত অবৈধ সরকারের পলাতক মন্ত্রী, এমপি ও নেতৃবৃন্দের সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ আমাদের হাতে আছে।”
উসকানিতে জড়িত ব্যক্তিরা সাধারণ শ্রমিক নন দাবি তিনি বলেন, “সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ সুস্পষ্ট ভাষায় দাবি করেছে এই উসকানির সঙ্গে জড়িত গোষ্ঠী কেউ সাধারণ শ্রমিক নন। এরা শ্রমিকের নামে নাশকতামূলক পতিত ফ্যাসিবাদদের সুপ্ত শক্তি এবং তাদের দোসর কিছু গুপ্ত শক্তির সংশ্লিষ্টতার খবরও দিয়েছে।”
সংসদে প্রতিনিধিত্বকারী দলের শ্রমিক সংগঠন নিয়ে অভিযোগ
বিবৃতিতে সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধেও আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমরা দেখেছি সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ব্যানার নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।
“তাদের নেতারা যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তাদের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে। এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি নাম ধরে বললে হয়ত অনেকে এখানে প্রীত হবেন না।”
এ সময় সংসদে হইচই শুরু হয়। বিরোধী দলের কয়েকজন সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি সংসদীয় রীতিনীতি অনুসরণ করতে চাই। আপনাদের বক্তব্য থাকলে আমার বক্তব্যের পরে ফ্লোর নিয়ে দয়া করে বলবেন।”
এ সময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। এরপর আবার বক্তব্য শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “সে জন্য আমি কারও নাম নেইনি এবং কোনো দলের উল্লেখও করিনি। আমাদের কাছে বিভিন্ন ডকুমেন্ট থাকা সত্ত্বেও সম্প্রীতির স্বার্থে আমরা সেগুলো উল্লেখ করব না। কিন্তু দেশবাসী জানে তারা কারা। এগুলো সোশ্যাল মিডিয়া বক্তব্য খুঁজলেই পাওয়া যাবে।”
অভিযানে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার ক্ষমতা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “অপারেশনের সময়ে রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে অপারেশনের প্রয়োজনে তারা যে কোনো আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।”
চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রাণ দিতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সরকার মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
নয় মাসে খুন কমেছে ২৮৭টি দাবি
বিবৃতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ২ হাজার ৯৩৮ জন খুন হয়েছিলেন। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ৬৫১ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে খুনের সংখ্যা ২৮৭টি কমেছে।
একই সময়ে দাঙ্গা বা মবের ঘটনা ৫৫টি থেকে কমে ১৬টিতে নেমেছে বলেও দাবি মন্ত্রীর।
সালাহউদ্দিন আহমদ বলেন, “এটা স্পষ্টতই উন্নতির লক্ষণ। সেটা আমাদের যে কোনো ডাটা অ্যানালাইসিসে যে কোনো সদস্য দেখতে পারেন, সত্যতা যাচাই করতে পারেন।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেরও সমালোচনা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের সময়ের সঙ্গে তুলনা না করে পরিস্থিতির অবনতি হয়েছে বলা ঠিক নয়।
সীমান্ত দিয়ে পুশইন কমার দাবি
সীমান্ত পরিস্থিতির তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে ২৪৮২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছিল। অন্যদিকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত পুশইন করা ব্যক্তির সংখ্যা ৩৭ জন। সীমান্তে কঠোর অবস্থানের কারণে পুশইনের ঘটনা কমেছে।”
কক্সবাজারে অভিযানে এক সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নিহত সেনা সদস্যের পরিবারের জন্য আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি।
একই সঙ্গে দেশের শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে বলে জানান তিনি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভারত থেকে এসে বৈঠকের অভিযোগ, ৭ জন গ্রেপ্তার
ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বৈঠক করার অভিযোগে রঞ্জিত সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “গণমাধ্যমে খবর এসেছে, পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠীর সদস্য রঞ্জিত সরকার ভারত থেকে দেশে প্রবেশ করে একটি বৈঠক শেষে আবার ভারতে চলে গেছেন। কোন সীমান্তপথ দিয়ে তিনি দেশে প্রবেশ করেছিলেন, তা শনাক্ত করতে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
“এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০৭ জনকে। বৈঠকে অংশ নেওয়া ৭ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে সুনামগঞ্জ ও সিলেটে যৌথ অভিযান চলছে।”
তথ্যসূত্র: বিডিনিউজ