সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি
প্রকৃত ব্যবসায়ীদের ডিলারশিপ দিতে হবে
দেশের বিভিন্ন স্থানে কৃষকদের মাঝে সার-ব্যবস্থাপনা প্রশ্নেমুখে পড়েছে। প্রয়োজনীয় সার পেতে কৃষকদের হয়রানি ও দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। দিনে-রাতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছে না কৃষক। ক্ষুব্ধ কৃষক কোথাও কোথাও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন। কোথাও বা ডিলারের গুদাম থেকে সার লুট হয়েছে। অথচ খুচরা বাজারে দাম বেশি দিলে ঠিকই সার পাওয়া যাচ্ছে। এ জন্য সারের বিতরণ ব্যবস্থাকেই দায়ি করা হচ্ছে। আবার অনেকেই ভাবছেন, সারের ডিলার দলীয় ও আত্মীয়করণ এবং অযোগ্য লোকদের ডিলার হিসেবে নিয়োগ দেয়ার ফলে সার বণ্টনে বিভিন্ন স্থানে নৈরাজ্য দেখা দিচ্ছে।
সারের ডিলার নিয়োগ নিয়ে ব্যাপক অভিযোগ করা হয়েছে- দেশের বিভিন্ন স্থান থেকে। অনেক স্থানে সরকার দলীয় লোকেরাই অভিযোগ করেছেন অযোগ্য লোকেদের ডিলার হিসেবে নিয়োগ করা হয়েছে। অভিযোগ মতে, নেতাদের স্ত্রী, ভাই বোনদের নামেও ডিলারশিপ বরাদ্দ দেয়া হয়েছে। এমনই একটি সংবাদ প্রতিবেদন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এরমধ্যে ঠাকুরগাঁ জেলার চার উপজেলার ডিলার নিয়োগ নিয়ে দেশজুড়েই চর্চা হচ্ছে। ওই চার উপজেলায় নতুন করে নিয়োগ পাওয়া ৩১ জন সার ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মি।
গত ৪ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত চূড়ান্ত তালিকায় ঠাকুরগাওয়ের ৩২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মধ্যে ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ৩১ জনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দলীয় বিরোধের কারণে তিনটি ইউনিয়নে নিয়োগের সিদ্ধান্ত স্থগিত রয়েছে।
তথ্যমতে, নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের চারজন পদধারী নেতা ছাড়াও রয়েছেন সাবেক নেতা, সমর্থক, ছাত্রদলের সাবেক নেতা এবং মহিলা দল, তাঁতি দল ও ওলামা দলের নেতারা। এ ছাড়া বিএনপি নেতাদের ১০ জন স্ত্রী, দুজন সন্তান, দুজন ভাই এবং এক নেতার স্বজন ডিলারশিপ পেয়েছেন। তালিকায় একজন খুচরা সার ব্যবসায়ী, একজন টিসিবি ডিলার, খাদ্য কর্মসূচির দুজন ডিলার, চাকরিজীবী পরিবারের তিনজন এবং সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজনও রয়েছেন। বাকি তিনজনের মধ্যে আওয়ামী লীগের একজন ওয়ার্ড নেতা, একজন সমর্থক এবং রাজনৈতিক পরিচয়হীন একজন ব্যক্তি রয়েছেন।
অভিযোগ রয়েছে, নতুন ডিলারদের অধিকাংশেরই সার ব্যবসায় পূর্ব অভিজ্ঞতা নেই। তাদের অনেকের নির্ধারিত ধারণক্ষমতার গুদামও নেই। এমনকি ৩১ জনের মধ্যে ২৬ জনের আগে কোনও ব্যবসা, আয়কর নথি কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে ব্যাংক হিসাব ছিল না।
বিষয়টি তদন্ত করে দেখার দাবি রাখে। তদন্ত করে যারা অপেশাদার. আত্মীয়-স্বজন আছেন তাদের ডিলারশিপ বাতিল করে পেশাদার ব্যবসায়ীদের নিয়োগ দিতে হবে। সুষ্ঠু সার বণ্টন ব্যবস্থার স্বার্থে এই পদক্ষেপ জরুরিভিত্তিতেই নিতে হবে।