বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা ও অ্যাক্রেডিটেশনবিষয়ক কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি ১২ নভেম্বর ২০২৬ ১২:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ নভেম্বর ২০২৬ ১২:৩১ অপরাহ্ন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা ও অ্যাক্রেডিটেশনবিষয়ক কর্মশালা

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতি জোরদার করতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই), বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) ও অ্যাক্রেডিটেশন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।


বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।


উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কর্মক্ষেত্রে কেমন করছেন, বিভাগগুলোকে সে বিষয়ে খোঁজ রাখতে হবে। শুধু পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।


কর্মশালার মূল বক্তা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ এমরান চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার প্রস্তুতির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কর্মসংস্থানের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষার্থীদের হার্ড স্কিল ও সফট স্কিল অর্জনের পাশাপাশি উদ্যোক্তা ও স্টার্টআপ উদ্যোগে উৎসাহিত করতে হবে। এ জন্য জ্ঞানভিত্তিক মানসিকতা এবং দৃশ্যমান ও অদৃশ্য সম্পদের যথাযথ ব্যবহার জরুরি।


তিনি অ্যাক্রেডিটেশনের ধারণা, বিএসির ভূমিকা ও স্বীকৃতি অর্জনের প্রক্রিয়া তুলে ধরে জানান, কাউন্সিলের অ্যাক্রেডিটেশন কাঠামোতে ১০টি স্ট্যান্ডার্ড ও ৬৩টি ক্রাইটেরিয়া রয়েছে। অ্যাক্রেডিটেশনের আবেদনের জন্য প্রয়োজন হয় ২০৮টি ডকুমেন্ট। এসব নথি প্রস্তুত, সংরক্ষণ ও যথাযথভাবে উপস্থাপনের বিষয়ে তিনি দিকনির্দেশনা দেন।


এ ছাড়া বিএসির উপপরিচালক ড. ফারজানা শারমিন আবেদনের অভিপ্রায় (ইনটেন্ট টু অ্যাপ্লাই) ও অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরেন। এতে আবেদন, প্রস্তুতি, প্রয়োজনীয় নথিপত্র ও প্রমাণক উপস্থাপনের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করা হয়।


কর্মশালায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ আটটি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক ও পিসাক সদস্যসহ মোট ৭০ জন অংশ নেন। স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ্। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. কানিজ হাবিবা আফরিন ও সহযোগী অধ্যাপক মো. আতাউল গনি ওসমানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মো. সাদী।


এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘আউটকাম-বেইজড এডুকেশন, বিএনকিউএফ ও অ্যাক্রেডিটেশন: গুণগত মান উন্নয়নের কাঠামো’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষক, বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটররা অংশ নেন।#