নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাইমদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শাহমখদুম ও রাজপাড়া থানা পুলিশ এ অভিযান চালায়। এর মধ্যে শাহমখদুম থানা পুলিশ সন্ধ্যা ৭টার দিকে নগরীর ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন উত্তর নওদাপাড়া গ্রামের আসাদুল ইসলাম (৪২), দক্ষিণ নওদাপাড়া গ্রামের ফরহাদ হোসেন জনি (৪০) এবং তেরখাদিয়া গ্রামের মধু (৬০)।
এ সময় তাঁদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ বোতলে মোট ৯ দশমিক ৬৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, আসাদুল ও জনির বিরুদ্ধে শাহমখদুম থানায় পৃথক চারটি করে মাদক মামলা এবং একটি করে পেনাল কোডের মামলা রয়েছে।
অন্যদিকে, রাজপাড়া থানা পুলিশ বিকেল পৌনে ৬টার দিকে আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ওয়াসিম (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি চন্দ্রিমা থানার নামোভদ্রা গ্রামের বেল্লালের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।