অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচাগোল্লা তৈরি, মালিকের এক বছরের কারাদণ্ড
নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম রক্ষায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে এক মিষ্টান্ন ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে প্রায় চার মণ কাঁচাগোল্লা, যা পরে ধ্বংস করা হয়।
বুধবার (১১ নভেম্বর) রাতে নাটোরের লালবাজার এলাকার জয়কালিবাড়ীতে অবস্থিত দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম রবীন্দ্রনাথ কুন্ডু (৫০)। তিনি ওই এলাকার মৃত ননী কুন্ডুর ছেলে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলী এ দণ্ডাদেশ দেন।
নাটোরের নিরাপদ খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান নীপ জানান, দ্বারিক মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে। কারখানার বিভিন্ন স্থানে তেলাপোকার উপস্থিতি এবং মেঝেতে খোলা অবস্থায় খাদ্যপণ্য পড়ে থাকতে দেখা যায়। এসব অনিয়মের কারণে খাদ্যপণ্যের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়।
পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে মালিক রবীন্দ্রনাথ কুন্ডু নিজের দোষ স্বীকার করেন। এরপর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩-এর ৩৩ ধারায় তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি কারখানাটি স্থায়ীভাবে সিলগালা এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত ও সংরক্ষিত খাদ্যপণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়াল পরিচালনা করেন বিচারক মো. ইব্রাহীম আলী।
স্থানীয় বাসিন্দা পলাশ কুমার বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। ঐতিহ্যবাহী এ মিষ্টির মান ও সুনাম রক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা প্রয়োজন।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী বাপ্পারাজ এবং নাটোর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ আগস্ট নাটোরের কাঁচাগোল্লা দেশের ১৭তম পণ্য হিসেবে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পায়। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর এ স্বীকৃতি অনুমোদন করে। জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, নাটোরের ঐতিহ্য ধরে রেখে কাঁচাগোল্লা উৎপাদন করতে হবে। বাইরে বিকৃত আকারে কাঁচাগোল্লা বিক্রির অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়ম ও বিকৃতি রোধে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রয়োজনে আরও বেশি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।