সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

বিচার বিভাগীয় ৮ কর্মকর্তাকে বদলি

সোনার দেশ ডেস্ক ২৩ নভেম্বর ২০২৬ ১২:০২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৩ নভেম্বর ২০২৬ ১২:০২ অপরাহ্ন
বিচার বিভাগীয় ৮ কর্মকর্তাকে বদলি
ফাইল ছবি

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের আট কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরসহ বিভিন্ন কর্মস্থলে বদলি করেছে সরকার। এর মধ্যে একজন জেলা ও দায়রা জজ এবং বাকি সাতজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তা।

রোববার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।


রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তা ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবুল বাশার মিঞাকে ঢাকায় আইন ও বিচার বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৈয়বুল হাসানকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ করা হয়েছে। আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. হাফিজুল ইসলামকে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।


যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসা. ফৌজিয়া হাফসাকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ করা হয়েছে।

আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) আলমগীর কবির রাজকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।


ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আহমেদকে একই জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে। গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল হাইকে একই জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে ছুটি বা প্রশিক্ষণে থাকা কর্মকর্তারা ছুটি বা প্রশিক্ষণ শেষে কর্মস্থলে যোগদানের তারিখে দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


তথ্যসূত্র: জাগোনিউজ