ফের হামলা বালোচ আর্মির! পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই চলল ড্রোন হানা, নিহত পাঁচ
পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের নোশকি জেলায় ভয়াবহ হামলা। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই বড় ধরনের হামলা চালাল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’ (ইখঅ)। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হামলার ঘটনায় পাকিস্তানের আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের (ঋঈ) পাঁচজন জওয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত আরও পাঁচজন।
‘নিউজ ১৮’-এ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানি নিরাপত্তা ব্যবস্থাকে আঘাত হানতে পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে বিএলএ। পাকিস্তানি সেনা ঘাঁটিগুলিতে এবারের হামলায় আধুনিক ‘ফার্স্ট-পার্সন ভিউ’ (ঋচঠ) ড্রোন ব্যবহার করেছে বলে জানা গিয়েছে।
সংবাদমাধ্যম খবর অনুযায়ী, নোশকি জেলায় ফ্রন্টিয়ার কোরের ছাউনিতে হামলার ঘটনায় নিহত চার জওয়ানের পরিচয় সামনে এসেছে। তাঁরা হলেন আবদুল্লা, খলিল, বশির এবং তালিব। অন্যদিকে, গুরুতর জখম পাঁচ জওয়ানকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি এই সংঘর্ষের ঘটনা নিয়ে। জানানো হয়নি, নোশকি জেলায় কখন হামলার ঘটনা ঘটে, কতক্ষণ সংঘর্ষ চলে অথবা পরবর্তীকালে এলাকায় কতক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানো হয়, সে সংক্রান্ত তথ্যও।
নোশকির এই ঘটনা থেকে স্পষ্ট, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলজুড়ে সামরিক ও আধা-সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলায় বিএলএ এখন আকাশে চালকহীন কোনও আধুনিক ব্যবস্থা বা এফপিভি (ঋচঠ) ড্রোনের উপর নির্ভরতা বাড়াচ্ছে।
২০২৬ সালের শেষ থেকেই বালুচিস্তান জুড়ে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে এই বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী। দেশের একাধিক অঞ্চলে সমন্বিত হামলা, ড্রোন যুদ্ধ এবং চিনা-যোগসূত্র থাকা খনি প্রকল্পগুলিকে আক্রমণের নিশানা করছে তারা। সম্প্রতি ৫ নভেম্বর সুরাব, খারান এবং কালাত এলাকার সেনা ছাউনি ও কনভয়েও ১৭টি গাইডেড ড্রোন হামলা চালায় তারা। পরে সেই ঘটনার দায় স্বীকার করে বিএলএ। তাদের দাবি, দেশজুড়ে ১৫ দিনের বিশেষ অভিযানে তারা মোট ৪৮টি হামলা চালিয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন