ছয় বছর পর নওগাঁয় শুরু হচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট

নওগাঁ প্রতিনিধি:
‘গৌরবের কোর্টে শত বছর’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে নওগাঁয় শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট-২০২৫। সোমবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯২৪সালে প্রতিষ্ঠিত হয় নওগাঁ টেনিস ক্লাব। এরপর থেকে দেশের টেনিস খেলার জগতে নওগাঁ টেনিস ক্লাবের সুনাম এখনো অক্ষুন্ন রয়েছে। নওগাঁর টেনিস খেলার সুনামকে দেশ-বিদেশের মাটিতে পৌছে দিতে এবং নতুন নতুন টেনিস খেলোয়াড়দের তৈরি করতে নওগাঁ টেনিস ক্লাব কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় নওগাঁর টেনিস ক্লাব ও টেনিস খেলাকে নওগাঁর প্রতিটি খেলাপ্রেমী মানুষের মাঝে পৌছে দিতে জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এমন টুর্নামেন্টের আয়োজন করা। ইতিমধ্যেই টুর্নামেন্টের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়া টেনিস ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে একটি নতুন কোর্ট নির্মাণ করাসহ মোট তিনটি কোর্টকে রঙিন করা এবং পুরো মাঠকে সজ্জিত করার কাজও শেষের দিকে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বুধবার (১২নভেম্বর) বিকেল ৪টায় নওগাঁ টেনিস ক্লাব মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। টুর্নামেন্টে দেশের বিখ্যাত ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব দলসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের প্রতিটি খেলা যে কোন দর্শক শৃঙ্খলা বজায় রেখে বিনা টিকেটে উপভোগ করতে পারবেন। আগামী ১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গনে টুর্নামেন্টের সমাপনি খেলা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি এবং টুর্নামেন্ট ডাইরেক্টর সাদিয়া আফরিন। এ সময় আরো বক্তব্য রাখেন, নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন, টেনিস ক্লাবের সহ-সভাপতি কাজী মো: ইদ্রিস, কিবরিয়া আখতারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান, সাবেক সহ-সভাপতি প্রফেসর মো: শরিফুল ইসলাম খাঁন। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্য, জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, সুধীজনরা উপস্থিত ছিলেন।