যে বছরে হজ আসবে ২ বার, ঈদ হবে ৩টি
সংযুক্ত আরব আমিরাত এবং মুসলিম বিশ্বের বাসিন্দারা ইংরেজি বছর ২০৩৯ সালে এক বিরল অভিজ্ঞতা পেতে যাচ্ছেন। যেখানে একই বছরের মধ্যে তিনটি ঈদ উৎসব এবং ২ বার হজ পড়বে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৯ সালে একই বছরে দুইটি ঈদুল আজহা, একটি ঈদুল ফিতর ও দুইটি হজ পালন করবেন মুসলিমরা। সব মিলিয়ে সে বছর ঈদ হবে তিনটি।
সৌদি আরবের বিখ্যাত জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদ বলেছেন, ‘এই বিরল ঘটনা ঘটছে হিজরি বা চন্দ্রবর্ষের সঙ্গে সৌরবর্ষভিত্তিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যবধানের কারণে। ইসলামি বর্ষপঞ্জি প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা ইংরেজি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে থাকে।’
বিশ্বের সবচেয়ে বেশি মসজিদের ১০ দেশ
তার দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, ২০৩৯ সালের ৬ জানুয়ারি প্রথম ঈদুল আজহা পালিত হবে। এটি হবে হিজরি ১৪৬০ সনের ১০ জিলহজ, অর্থাৎ পবিত্র হজের সমাপ্তির দিন এবং কোরবানির ঈদ।
এরপর প্রায় ১২ মাস পর আবারও হিজরি বর্ষপঞ্জি পূর্ণ একটি চক্র সম্পন্ন করবে। ফলে একই গ্রেগরিয়ান বা ইংরেজি বছরের ২৬ ডিসেম্বর আবার হজ মৌসুম শেষ হবে এবং পালিত হবে দ্বিতীয় ঈদুল আজহা, যা হবে হিজরি ১৪৬১ সনের ১০ জিলহজ। অর্থাৎ, একই বছরে দুটি পৃথক হজ অনুষ্ঠিত হবে, যা ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা হিসেবে বিবেচিত।
যেদিন শুরু হতে পারে রমজান
আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই দুই ঈদের আগেই দুটি পৃথক আরাফার দিনও পালিত হবে। আরাফার দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হয়ে দোয়া ও ইবাদতে মগ্ন থাকেন।
এই দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে ২০৩৯ সালের ১৯ অক্টোবর ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সে বছর মুসলমানরা রোজা, হজ, কোরবানি, ঈদের নামাজ ও আনন্দ-উৎসব মিলিয়ে এক অনন্য ধর্মীয় চক্রের মধ্য দিয়ে যাবেন।