ভূগর্ভস্থের উপর চাপ কমাতে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়ানোর আহ্বান ফখরুলের
ভূগর্ভস্থ পানির ওপর বাড়তি চাপ কমাতে ভূপৃষ্ঠের পানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে “বিশ্ব পানি দিবস” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, পানি মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। পৃথিবীর অধিকাংশ অংশ পানি দ্বারা আবৃত হলেও নিরাপদ পানির সংকট এখন বিশ্বজুড়ে প্রকট আকার ধারণ করেছে।
ভবিষ্যতে নিরাপদ পানিকে কেন্দ্র করে সংঘাতও তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পানির জন্য অতিরিক্তভাবে গভীর নলকূপের ওপর নির্ভরশীলতা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে এবং ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের ফোকাস এখন থেকে ভূপৃষ্ঠের পানি ব্যবহারের দিকে নিতে হবে।
বৃষ্টির পানি সংরক্ষণ এবং নদীর পানি পরিশোধন করে ব্যবহারের উদ্যোগ বাড়াতে হবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অনুসরণযোগ্য। ছোট ছোট জলাধার তৈরি করে সেই পানি নিরাপদভাবে ব্যবহারের ব্যবস্থা করা গেলে পানির সংকট অনেকটাই কমানো সম্ভব।
নদীদূষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাজধানীর আশপাশের নদীগুলোর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। একসময় যে নদীর পানি ব্যবহারযোগ্য ছিল, এখন সেখানে যাওয়া পর্যন্ত কঠিন হয়ে গেছে। এসব নদীকে দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, পানি শুধু উন্নয়নের বিষয় নয়, এটি বেঁচে থাকার প্রশ্ন। তাই নিরাপদ পানি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।
এ সময় তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে, “পানি দিবস” উপলক্ষ্যের ‘ওয়াক অব ওয়াটার আইডেন্টিটিস’ ক্যাটাগরী ছবির জন্য সেরা পাঁচ আলোকচিত্রীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
তথ্যসূত্র: বাংলানিউজ