বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

অবশেষে বিকল্প পথে শিশুসহ ঈশ্বরদীর ৫০ নারী-পুরুষ নিরাপদে দেশে ফিরেছেন

ঈশ্বরদী প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ১১:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
অবশেষে বিকল্প পথে শিশুসহ ঈশ্বরদীর ৫০ নারী-পুরুষ নিরাপদে দেশে ফিরেছেন

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কায় গিয়ে আটকে পড়া কয়েকজন শিশুসহ পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী পুরুষরা অবশেষে বিকল্প পথে দেশে ফিরেছেন। 


বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তারা বাংলাদেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরে হুতিদের প্রাণঘাতি হামলার কারনে সেখানকার বিমান বন্দরের কার্যক্রম স্থগিত ঘোষণা করার পর এসব ওমরাহ পালন কারিদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। ২ দিন সেখানে অপেক্ষার পর জনপ্রতি ২০ হাজার টাকা বাড়তি ভাড়া প্রদান সাপেক্ষে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে কাতার হয়ে বাংলাদেশে ফেরার ব্যবস্থা করেন সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওমরাহ পালনকারী ঈশ্বরদীর এই ৫০ জনের দলটির মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, গত মঙ্গলবার পর্যন্ত সেখানে আমাদের থাকার চুক্তি শেষ হয়। মঙ্গলবার নির্দিষ্ট সময়ে দেশে ফিরতে না পেরে সেখানে দিনে এমনকি রাত্রীযাপনের জন্য নতুন করে বাসা খুঁজে বেগ পেতে হয়।


এই অবস্থায় অনেকে পরিবার পরিজন নিয়ে সৌদি আরবে নানা কষ্টের মধ্যে পড়েন। অনেকে অসুস্থ্য হয়ে পড়েন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ্য হয়ে পড়লে সেখানকার একটি হাসপাতালে তাদের ভর্তি করতে হয়। ঈশ্বরদীর মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, ওমরা পালন শেষে ঈশ্বরদীর ৫০ জনের মঙ্গলবার দেশে ফেরার কথা ছিল কিন্তু রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরে হুতিদের প্রাণঘাতি হামলার কারনে বিমান বন্দরের কার্যক্রম স্থগিত ঘোষণা করায় আমরা আটকে পড়ি। সেখানে অবস্থানকারী ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা সাগর সরদার বলেন, এখানে আমি, আমার মা, স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে ওমরাহ পালন করতে এসেছিলাম।


ওমরাহ পালন শেষে দেশে ফেরার জন্য প্রস্তুতি নেওয়ার আগেই এখানকার বিমানবন্দরে ইয়েমেনের ইরানপন্থি হুতিদের প্রাণঘাতী হামলার পর এখানকার পরিস্থিতি ওলট পালট হয়ে যায়। অনেক চেষ্টার পর জনপ্রতি ২০ হাজার টাকা বাড়তি ভাড়া জমা দিয়ে বাংলাদেশে ফেরার ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ওমরাহ পালনকারী জায়েদ আল-সামি মুঠোফোনে বলেন, বৃহস্পতিবার সকাল ৭টায় সৌদি আরবের মদিনা বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইনস এর একটি বিমানে রওয়ানা দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে আমরা সবাই বাংলাদেশে পৌঁছেছি।


অসুস্থ্য হয়ে পড়া ওমরাহ পালনকারী রেজিয়া বেগম বলেন, আমি ওমরাহ পালন করতে গিয়ে প্রথমে অসুস্থ্য হয়ে পড়ি। ওমরাহ শেষে দেশে ফেরা অনিশ্চয়তায় পড়ে গেলে ফের অসুস্থ্য হয়ে পড়ি। এখন দেশে ফিরে ভালো লাগছে। শরির পুরোপুরি সুস্থ্য না হলেও দেশে ফিরতে পেরে শান্তি অনুভব করছি।


ওমরাহ পালন করতে যাওয়া ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর বকশিরচকের শাহ্ পাড়ার ইসমাইল হোসেন শাহ্ বলেন, ঈশ্বরদীর এই ৫০ জনের মধ্যে বেশ কয়েকজন ৭০ থেকে ৮০ বছর বয়সী নারী-পুরুষ রয়েছেন তাদের মধ্যে কয়েকজন অসুস্থ্য হয়ে পড়লে দেশে থাকা পরিবার পরিজন উদ্বেগে পড়েন। শেষ পর্যন্ত উদ্বেগ কাটিয়ে আমরা সবাই দেশে ফিরতে পেরেছি, ভালো লাগছে।


ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে ঈশ্বরদীর আটকে পড়া এসব হাজীদের বিষয়ে পাবনা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা সবসময় খোঁজ খবর রাখছিলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বাংলাদেশে সুস্থ্য অবস্থায় নিরাপদে ফিরেছেন।


প্রসঙ্গত: সৌদি আরবে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ জন ওমরাহ পালনকারীদের নিয়ে বুধবার সমকালে ‘ওমরাহ পালনে সৌদিতে গিয়ে বিপাকে ঈশ্বরদীর ৫০ জন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে সৌদি আরবে অবস্থানরত ওমরাহ পালনকারীদের মধ্যে আশার সঞ্চার হয়। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সৌদি আরবে সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নেওয়া হয় বলে নিশ্চিত করেন পাবনা জেলা প্রশাসন।