শনিবার, মে ০২, ২০২৬

কাল থেকে শুরু চার দিনের ডিসি সম্মেলন, আলোচ্য সূচিতে ৪৯৮টি প্রস্তাব

সোনার দেশ ডেস্ক ০২ মে ২০২৬ ১০:০৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০২ মে ২০২৬ ১০:০৩ অপরাহ্ন
কাল থেকে শুরু চার দিনের ডিসি সম্মেলন, আলোচ্য সূচিতে ৪৯৮টি প্রস্তাব
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসি সম্মেলনের বিস্তারিত তুলে ধরা হয়। ছবি: আজকের পত্রিকা

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আগামীকাল রোববার (৩ মে) থেকে শুরু হতে যাচ্ছে চার দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনের উদ্বোধন করবেন।


শনিবার (২ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসি সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সেখানে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গত বছর তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন হয়েছিল, যা এবার চার দিন করা হয়েছে।


অতিরিক্ত সচিব হুমায়ুন কবির জানান, সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই চার দিনে মোট ৩০টি কার্য অধিবেশন হবে।


এবারের সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকেরা মোট ১৭২৯টি ধারণা প্রস্তাব দিয়েছেন। সেখান থেকে ৪৯৮টি প্রস্তাব সম্মেলনের আলোচ্য সূচিতে রাখা হয়েছে। এর মধ্যে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ হ্রাস, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ ইত্যাদি বিষয়ে ডিসিদের সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে।


সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারের সম্মেলনে গুরুত্ব পাবে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকারের কার্যক্রম জোরদার করা, কর্মসৃজন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারসহ অন্যান্য বিষয়।


মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এই সম্মেলনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে নতুন সরকারের রাষ্ট্রপরিচালনা নীতির সঙ্গে মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের পরিচিত করে তোলা। পারস্পরিক বোঝাপড়াই হবে এবারের সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।


গত সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ৪০০টি প্রস্তাব বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে স্বল্প মেয়াদি ৬১ শতাংশ, মধ্য মেয়াদি ৩৫ শতাংশ এবং দীর্ঘমেয়াদি ১৬ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।


তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন