সড়কে ঝরলো ১৩ প্রাণ
সোমবার (৪ মে) দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে ৫ জন, ময়মনসিংহে ৪ জন, টাঙ্গাইলে ২ জন এবং পটুয়াখালি ও গোপালগঞ্জে একজন করে দু‘জনের মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনাগুলো রোববার দিনগত রাত সাড়ে ১২ টা থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে সংঘটিত হয়।
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের ইউসুফ আলী, তার দুই মেয়ে নিলুফা আক্তার (৩০) ও কেয়া মনি (১৭) এবং ভাতিজি জামাই একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন। তবে নিহত সিএনজিচালকের পরিচয় এখনও জানা যায়নি।
তিওর জালাল গ্রামের বাসিন্দা ও বালীজুরি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলী নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিল রিফাত পরিবহনের একটি বাস। এ সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাতে ইউসুফ আলী, তার দুই মেয়ে ও ভাতিজি জামাই যাত্রা করছিলেন। পথে জালালপুর এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ লেন পরিবর্তন করে অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এদিকে দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়।
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মা-মেয়ে ও একজন আইনজীবী রয়েছেন।
সোমবার (৪ মে) সকাল পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা ইউনিয়নের মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও পরে স্বজনরা এসে তাদের শনাক্ত করেন। নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার রুহিলি শৈলিকান্দা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী শিউলি আক্তার (৩২) ও তার মেয়ে খোশনুর জাহান (১২)। অপরজন ময়মনসিংহ শহরের বড়বাজার এলাকার বাসিন্দা চৌধুরী হোসনে আরা বেগম (৬৫), যিনি পেশায় একজন আইনজীবী ছিলেন।
পুলিশ জানায়, শিউলি আক্তার সৌদি প্রবাসী স্বামীকে টাকা পাঠিয়ে ময়মনসিংহ থেকে জামালপুরে ফিরছিলেন। অন্যদিকে চৌধুরী হোসনে আরা বেগম তার ছোট মেয়ে তামান্না মুনতাকিনকে নিয়ে স্বামীর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনায় আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ৩২ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
টাঙ্গাইলে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২
ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরিফ বলেন, যমুনাসেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপরে অপর একটি পিকআপ ভ্যান অতিক্রমের সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন আহত হয়। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পটুয়াখালিতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১
পটুয়াখালীর বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় বাসের এক স্টাফ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের বাউফল উপজেলার আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জে ইজিবাইক ও ভ্যানকে চাপা দিল বাস, নিহত ১
গোপালগঞ্জে যাত্রীবাহী একটি বাস ইজিবাইক ও ভ্যানকে চাপা দিয়েছে। এ ঘটনায় ভ্যানের চালক ঝন্টু মোল্যা (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকে থাকা সাত যাত্রী।
সোমবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে দুর্ঘটনাটি ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনউজ্জামান এ তথ্য জানিয়েছেন।
নিহত ঝন্টু মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের আখুব্বর মোল্যার ছেলে।
তথ্যসূত্র: ঢাকাপোস্ট, জাগোনিউজ, রাইজিংবিডি