মঙ্গলবার, মে ০৫, ২০২৬

হামে ৩ শতাধিক মৃত্যু, তৃতীয় শতক ছাড়ালো ১৯ দিনে

সোনার দেশ ডেস্ক ০৫ মে ২০২৬ ০১:১১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৫ মে ২০২৬ ০১:১১ অপরাহ্ন
হামে ৩ শতাধিক মৃত্যু, তৃতীয় শতক ছাড়ালো ১৯ দিনে

দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাও। এর জন্য টিকা না দেওয়াকে দুষছেন সংশ্লিষ্টরা। হাম ও এই রোগের উপসর্গ নিয়ে ইতোমধ্যে মৃত্যু ৩০০ ছাড়িয়েছে। এর মধ্যে সবশেষ ১০০ মৃত্যু হয়েছে মাত্র ১৯ দিনে।

স্বাস্থ্য অধিদফতর নিজেদের দৈনিক বুলেটিনে গত ১৫ মার্চ থেকে হিসাব তুলে ধরছে। অধিদফতরের নিয়মিত বুলেটিন বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম ১০০ মৃত্যু হয়েছে ২৩ দিনে। আর মৃত্যু ২০০ ছাড়িয়েছে পরবর্তী ১৪ দিনে।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের দৈনিক বুলেটিনে সবশেষ সারা দেশে আগের ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ জন মৃত্যুর তথ্য জানানো হয়। দেশে প্রথম হাম শনাক্ত হওয়ার পর শিশুমৃত্যুর এই সংখ্যা গত ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ। হাম ও হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৪ মে সকাল ৮টা পর্যন্ত মৃত্যু ৩১১ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, হামে আক্রান্ত হয়ে মৃত্যুর থেকে উপসর্গ নিয়ে বেশি মারা গেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৫৯ জন।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম সন্দেহে পাওয়া রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন, এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ জনের।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন