বুধবার, মে ০৬, ২০২৬

সড়ক ও রেললাইনের পাশে পশুর হাট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সোনার দেশ ডেস্ক ০৬ মে ২০২৬ ০৩:০১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ মে ২০২৬ ০৩:০১ অপরাহ্ন
সড়ক ও রেললাইনের পাশে পশুর হাট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সড়ক ও রেললাইনের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৬ মে) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেশন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও রেললাইনের আশপাশে পশুর হাট বসানো বন্ধ থাকবে। পাশাপাশি পশুর হাটে জাল নোট শনাক্তে প্রয়োজনীয় মেশিন স্থাপন করা হবে। বড় পশুর হাটগুলোতে পুলিশের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে।

কোরবানির পশুর চামড়া সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার ট্যানারিগুলোর সীমিত ধারণক্ষমতা বিবেচনায় রেখে গ্রাম ও উপজেলা পর্যায়ে চামড়া সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য চামড়া অন্তত সাত দিন লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে এবং সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট বন্ধে নতুন আইন প্রণয়নের কাজ চলছে। ইতোমধ্যে কিছু সাইট ব্লক করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে কোনো আশঙ্কা নেই। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করার বিষয়টি সরকার যাচাই-বাছাই করছে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

তথ্যসূত্র: বাংলানিউজ