পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা এই কলেজকে এগিয়ে নিয়ে যাবে : ভূমিমন্ত্রী তথ্যবিবরণী
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী মেট্রোপলিটন কলেজ অনেক এগিয়ে গেছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে এই কলেজ আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
শনিবার (১৬ মে) রাত নয়টায় রাজশাহী মেট্রোপলিটন কলেজে গভর্নিং বডির সদস্য ও শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, মেধাবীদের কেউ দাবিয়ে রাখতে পারে না। ভ্যান-রিক্সা চালকের ছেলেমেয়েরাও ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। শিক্ষকরা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যথাযথ পাঠদানের মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘাটালে এই প্রতিষ্ঠানে এমনি এমনি আরও এগিয়ে যাবে।
মিজানুর রহমান মিনু বলেন, এই কলেজ প্রতিষ্ঠায় অনেকের অবদান আছে। আমি রাজশাহীর সকল প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কাজ করছি। এই প্রতিষ্ঠানের যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।
তিনি বলেন, জল যার জলা তার আর যে ফসল উৎপাদন করে জমি তার। ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তার জন্য কৃষি জমি নষ্ট করা যাবে না। যারা ভূমিদস্যু তারা দেশ এবং জাতির শত্রু।
এ সময় তিনি রাজশাহীর বিভিন্ন ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন কলেজের গভর্নিং বডির সভাপতি মোহা. সাদরুল আমিন।
রাজশাহী মেট্রোপলিটন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী মেট্রোপলিটন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুলতান সাব্বির আহমেদ, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোছা. রেবেকা সুলতানা, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান বুলেট। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন রাজশাহী মেট্রোপলিটন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আছের উদ্দিন এবং স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।