বুধবার, অক্টোবর ২১, ২০২৬
রাজশাহী বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রাচার ভঙ্গের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক ২১ অক্টোবর ২০২৬ ১০:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২১ অক্টোবর ২০২৬ ১০:০২ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রাচার ভঙ্গের অভিযোগ!

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর সময় রাষ্ট্রাচার (প্রটোকল) ভঙ্গের অভিযোগ ওঠার পর রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়। ওই দিন রাতেই তিনি রাজশাহী ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন।


বর্তমানে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ইউসুফ আলীকে প্রত্যাহারের আদেশে এর কারণ উল্লেখ করা হয়নি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বুধবার (২১ অক্টোবর) জাতীয় একটি গণমাধ্যমের কর্মীকে বলেন, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। এ ধরনের বদলি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিভাগীয় কমিশনারের রাষ্ট্রাচার ভঙ্গের অভিযোগ নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় ইউসুফ আলী তার সঙ্গে হাত মেলান। এ সময় তিনি প্রধানমন্ত্রীর দিকে আলিঙ্গন করতে এগিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। তবে ভিডিওতে দৃশ্যমান আচরণকে রাষ্ট্রাচার ভঙ্গ হিসেবে বিবেচনা করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।


রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কর্মকর্তাদের হাত মেলানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী হাত মেলানোর সময় প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে যান। দেখে মনে হচ্ছে, তিনি প্রোটোকলের (রাষ্ট্রাচার) সারি ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। রাষ্ট্রাচার ভেঙে তিনি এমনটি করেছেন বলে আলোচনা চলছে।


মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ২টা ৫৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি মাদ্রাসা ময়দানে জনসভায় বক্তব্য দেন। জনসভা শেষে রাজশাহীর একটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তারেক রহমান। পরে শহর ছাড়তে আবার বিমানবন্দরে যান। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে তার উড়োজাহাজটি ছেড়ে যায়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সূত্র জানায়, আদেশ পাওয়ার পর মঙ্গলবার রাতেই তিনি দায়িত্ব ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানও তার রাজশাহী ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


২০২৬ সালের আগস্টে মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।