শফিউলের ৫ উইকেটে রাজশাহীর প্রথম জয়
দুই ম্যাচে ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেল রাজশাহী বিভাগ। পেসার শফিউল ইসলামের পাঁচ উইকেটের নৈপুণ্যের পর ব্যাটারদের দায়িত্বশীলতায় বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকেরা। ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে বুধবার চতুর্থ দিনের খেলা মধ্যাহ্নবিরতির আগেই জয় নিশ্চিত করে রাজশাহী।
বরিশালের দ্বিতীয় ইনিংস ২৭৪ রানে গুটিয়ে দেওয়ার পর জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪৭ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১০.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৯ রান তুলে নেয় দলটি। তবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতে ধাক্কা খায় রাজশাহী। দলীয় ১ রানে ১ রান করে ফেরেন উদ্বোধনী ব্যাটার সোহান। এরপর দলীয় ১০ রানে ৮ রান করে মঈন খানের বলে বোল্ড হন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা নাঈম আহমেদ।
দ্রুত দুই উইকেট হারালেও জয়ের পথে আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি বরিশালের বোলাররা। সাব্বির হোসেন ও অধিনায়ক প্রীতম কুমার দায়িত্ব নিয়ে বাকি রান তুলে নেন। সাব্বির ২৩ এবং প্রীতম ১৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে বরিশালের দ্বিতীয় ইনিংসে রাজশাহীর বোলারদের নেতৃত্ব দেন শফিউল ইসলাম। তাঁর কার্যকর পেস আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বরিশাল। ৮৬.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় দলটি। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন জায়াদ আবরার। ফজলে রাব্বি ৩৯ ও আবদুল্লাহ করেন ৩৪ রান। শফিউল ৫টি উইকেট নেন, যার মধ্যে চতুর্থ দিনেই শিকার করেন ৩টি। সানজামুল ইসলাম পান ২ উইকেট। নেহাল ও মোহর শেখ নেন ১টি করে উইকেট।
এই জয়ের আগে প্রথম রাউন্ডে চট্টগ্রাম এবং দ্বিতীয় রাউন্ডে খুলনা বিভাগের বিপক্ষে ড্র করেছিল রাজশাহী। তৃতীয় রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে খুলনা বিভাগ।