বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আত্রাইয়ে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে দুর্গা পূজার সমাপ্তি

আত্রাই প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৯:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৯:১০ অপরাহ্ন
আত্রাইয়ে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে দুর্গা পূজার সমাপ্তি

প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে সম্পন্ন হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। ছয় দিনের অতিথি মা দুর্গা আজ ফিরে যাচ্ছেন তাঁর কৈলাসধামে। দেবীর  এই বিদায়লগ্নে মণ্ডপে মণ্ডপে লাল-সাদা শাড়ির সমাহারে দেবীবরণ ও সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা।


বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর সকাল থেকেই আত্রাইযে প্রতিটি মণ্ডপে ছিল ভক্তদের ভিড়। শাস্ত্রীয় সমাপনী ও অঞ্জলি শেষে শুরু হয় সিঁদুর খেলা। দেবীর চরণে সিঁদুর ছোঁয়ানোর পর বিবাহিত নারীরা একে অপরের কপালে সিঁদুর মাখিয়ে উৎসবের রঙে রাঙিয়ে তোলেন চারপাশ।


মায়ের বিদায়ের বেদনা থাকলেও আগামী বছর দেবী যেন আবার আনন্দ নিয়ে ফিরে আসেন, সেই কামনাই করেছেন তারা। স্বামীর ও সংসারের মঙ্গল কামনায় এই সিঁদুর খেলায় অংশ নেন নারী ভক্তরা।


এদিকে, প্রতিমা বিসর্জন উপলক্ষে আত্রাই নদীর রাবারডাম ও গৌড় নদীর পাঁচুপুরে আয়োজন করা হয় বর্ণাঢ্য নৌ-শোভাযাত্রার। প্রতিমা বিসর্জ্জনে সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান ও অফিসার ইনচার্জ (ওসি)  মাহবুব আলম। সেইসাথে বিশেষ দুর্ঘটনা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি টিম প্রস্তুত রাখা হয়।  এ বছর উপজেলায় ৫৪টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। নদীর বুকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।


অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহবুব আলম বলেন, পূজা শান্তিপূর্ণ করতে মন্দিরগুলোতে ছয় দিন বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। 


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষ আনন্দ উপভোগ করেছেন। এতে যিনারা সার্বিক সহযোগিতা করেছেন তাঁদের ধন্যবাদ জানান।