রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঈশ্বরদীতে সড়কে প্রাণ গেল রূপপুর প্রকল্পের শ্রমিকের

ঈশ্বরদী (পাবনা), প্রতিনিধি ১৭ মে ২০২৬ ০৩:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা), প্রতিনিধি ১৭ মে ২০২৬ ০৩:১৯ অপরাহ্ন
ঈশ্বরদীতে সড়কে প্রাণ গেল রূপপুর প্রকল্পের শ্রমিকের

পাবনার ঈশ্বরদীতে কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন আলী (৫৫) নামের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলী উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত হায়াত আলীর ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে রূপপুর প্রকল্প থেকে কাজ শেষে বাইসাইকেলযোগে তিনি বাড়ি ফিরছিলেন। পথে পাবনা-পাকশী বগা মিয়া সড়কের মন্ত্রীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, রূপপুর প্রকল্প থেকে কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের সঙ্গে বাই সাইকেলে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ রাতেই উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে তবে নিহতের পরিবার যদি এ ঘটনায় লিখিত অভিযোগ করেন তাহলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।