বনপাড়া ফাজিল মাদ্রাসায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
নাটোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। রোববার (১৭ মে) সকালে প্রধান অতিথি থেকে এই পুরষ্কার বিতরণ করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক, তথ্যপ্রযুক্তিসহ নৈতিক জ্ঞান অর্জন করতে হবে। অনেক শিক্ষার্থী মাদকসেবনসহ নানা অপকর্মে জড়িয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। অনেকে স্কুল টাইমে লেখাপড়া বাদ দিয়ে হাট-বাজারে, রেস্তোরাঁয় ঘোরাফেরা করে। প্রেমে পড়ে বিয়েতে বসে বাবা-মার মান-সম্মান ক্ষুন্ন করছে। এগুলো বন্ধ করতে হবে। অন্যথায় সমাজে অনৈতিকতা বেড়ে যাবে। মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। প্রায়দিনই মাদকাসক্তদের গ্রেপ্তার করা হচ্ছে।
মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইনের সভাপতিত্ব ও সিনিয়র শিক্ষক আব্দুল মজিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য অ্যাড. আব্দুল কাদের মিয়া, মহুয়া নুর কচি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, বিএনপি নেতা আসাদুজ্জামান, সরদার রফিকুল ইসলাম, ইকবাল হোসেন রাজু প্রমুখ।