রাবিতে ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ‘ফ্যাক্ট চেকিং কর্মশালা’ অনুষ্ঠিত হয়। বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ও দক্ষ করে তোলার লক্ষ্যে এই কর্মশালায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কর্মশালাটি দুপুর ২:১৫ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্যা ডিসেন্ট-এর সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন কৌশল, তথ্য যাচাইয়ের পদ্ধতি এবং ডিজিটাল মিডিয়ায় গুজব শনাক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ রাকসুর বিভিন্ন সম্পাদক, সহকারী সম্পাদক ও নির্বাহী সদস্যবৃন্দ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও কর্মশালায় অংশ নেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।