গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা
চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে মঙ্গলবার (১৯ মে ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ চাঁপাইনবাবগঞ্জ উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, এটি একটি প্রশাসনিক ব্যবস্থা। এক্ষেত্রে চেয়ারম্যানদের সকলকে এক মনে কাজ করতে হবে। কোন দলের হয়ে কাজ করা যাবে না। অনেকেই এ আদালতের রায় মানেনা বা বিচারের দিন উপস্থিত হননা। মনে করেন চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের কোন ক্ষমতা নেই। গ্রাম আদালতে রায় না মানার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
যতদিন রায় মানার সংস্কৃতি না মানতে পারবে ততদিন কোন সমস্যার নিষ্পত্তি হবেনা। তখন দেওয়ানি ও ফৌজদারি আদালতে হাজির হতে হবে। গ্ৰাম আদালত বাস্তবায়নের ক্ষেত্রে হিসাব সহকারী ও গ্ৰাম পুলিশের ব্যাপক ভূমিকা রয়েছে এবং গ্ৰাম আদালত সম্পর্কে হিসাব সহকারীদের আইন সম্পর্কে আরো ভালো ভাবে জানতে হবে বলে জানান।
সমন্বয় সভায় সদর উপজেলা নিবার্হী অফিসার মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নিবার্হী অফিসার জাকির মুন্সি, সহাকরী কমিশনার মোঃ সাব্বির আহমেদ রোবেল, গ্রাম আদালতের জেলা ম্যানেজার শফিকুর রহমানসহ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠির মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে প্রকল্পের মূল উদ্দেশ্য এবং স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও সহযোগি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অরগানাইজেশন ই এস ডিওর জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয়নে প্রত্যক্ষভাবে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে কাজ চলমান রয়েছে বলে জানান আয়োজকরা।