অশ্রুসিক্ত বিদায় কবি আমিন মাহমুদ মিন্টুকে
কবিকুঞ্জের নির্বাহী কমিটির সদস্য আমিন মাহমুদ মিন্টু (আমিনুল ইসলাম মিন্টু)কে অশ্রুসিক্ত শেষ বিদায় জানিয়েছেন স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী। মঙ্গলবার (১৯ মে) বাদ আসর নগরীর উপশহর ইদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপশহরে তার বড় ছেলের বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। ২০২০ সালে কবি আমিন মাহমুদের ‘শূন্য একক শূন্য’ কাব্যগ্রন্থ জনপ্রিয়তা লাভ করে। এছাড়া তাঁর কবিতা স্থানীয় দৈনিকসহ বিভিন্ন সংখ্যা-স্মারকে প্রকাশিত হয়।
উল্লেখ্য, কবি আমিন মাহমুদ দৈনিক সোনার দেশ এর সম্পাদক আকবারুল হাসান মিল্লাতের ছোট ভাই।
জানাজার নামাজে কবিকুঞ্জের সদস্য, সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের মানুষ, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রিয় মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মৃত্যুকালে আমিন মাহমুদ মিন্টু স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, কবিকুঞ্জসহ রাজশাহীর সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।