রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, খবর শুনে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ১৯ মে ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ১৯ মে ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন
বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, খবর শুনে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হন আরও এক স্কুলশিক্ষিকা। স্কুলে থাকা অবস্থায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা যায় এক শিক্ষার্থী।


নিহত স্কুলশিক্ষিকার নাম উম্মে কুলসুম (৪৮)। তিনি বদলগাছী লাবণ্যপ্রভা কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মারা যাওয়া শিক্ষার্থীর নাম তাসনিম আরা (১৩)। সে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরীর মেয়ে। আহত মমতাজ খাতুন (৫০) একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, আমার মেয়েটি ফেসবুকে তার শিক্ষক উম্মে কুলসুমের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। পরে বদলগাছী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার পরীক্ষা-নিরিক্ষা করে মৃত ঘোষণা করে। বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, শিক্ষার্থী কোন আকর্ষিক ঘটনা দেখে হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে এখনি মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।


স্থানীয় সূত্রে জানা যায়, লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষিকা সিএনজি যোগে সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার খাতা নেওয়ার জন্য রাজশাহীর উদ্দেশ্য রওনা হয়। চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌছালে মাতাজিহাট থেকে আসা ধান মাড়াই (বুঙ্গা) মেশিনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সহকারী শিক্ষক উম্মে কুলছুম মারা যায় এবং মমতাজ বেগম আহত হয়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। শিক্ষক এবং শিক্ষার্থীর তাজা দুটি প্রাণের মৃত্যুর খবর পেয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জুড়ে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে।


বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দূর্ঘটনার শিক্ষকের মৃত্যুর খবর দেখে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এবং সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দীন।