শনিবার, আগস্ট ২২, ২০২৬

নওগাঁয় ৭ ঘণ্টা পর বাস চলাচল শুরু

নওগাঁ প্রতিনিধি ১৯ মে ২০২৬ ১১:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নওগাঁ প্রতিনিধি ১৯ মে ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
নওগাঁয় ৭ ঘণ্টা পর বাস চলাচল শুরু

নওগাঁয় চালককে মারধর ও কাউন্টার ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ থাকা দূরপাল্লার বাস চলাচল সাত ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকনেতা, প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনার পর বাস চলাচল শুরু হয়।


এর আগে সোমবার রাত ১টার দিকে ছাত্রদল নেতা সোহাগের নেতৃত্বে ১০ থেকে ১৫ যুবক একতা পরিবহনের এক চালককে মারধর এবং কাউন্টারে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টা থেকে নওগাঁ-বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।


নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শ্রমিকদের ওপর হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যে দলেরই হোন না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।