পাবনায় অনলাইন জুয়ারি চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেবোত্তর বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আটঘরিয়া পৌরসভার কন্দর্পপুর মহল্লার আবুল হাশেমের ছেলে শরীফুল ইসলাম সাগর (২২), জালাল হোসেনের ছেলে শান্ত হোসেন (২৫), চক ধলেশ্বর মহল্লার গোলাম সরোয়ারের ছেলে সোহানুর রহমান শাকিব (২২), দেবোত্তর মহল্লার মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে আসাদুল ইসলাম (৩২) ও উপজেলার হাপানিয়া গ্রামের আলহাজ্ব ইস্কান্দার আলি প্রামাণিকের ছেলে শরীফুল ইসলাম (৩৬)।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান জানান, মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল দেবোত্তর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অনলাইন জুয়ারু চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে ৫ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের কাছ থেকে ৬টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনসমূহে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটে সক্রিয় আইডি ও লেনদেনের তথ্য পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্ত জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশকে জানায়, তারা পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজের মধ্যে অনলাইন জুয়া বিস্তার, জুয়ার আইডি খোলা এবং অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনা করে আসছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।