রবিবার, জুন ২১, ২০২৬

রাবিতে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ

রাবি প্রতিবেদক ২০ মে ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২০ মে ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
রাবিতে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক আব্দুল আলীম ও ফার্মেসী বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ।


বুধবার (২০মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদেরকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক আব্দুল আলীমকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে এবং অধ্যাপক মামুনুর রশীদকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।


নিয়োগের শর্তগুলোর মধ্যে রয়েছে তাদের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে, উপর্যুক্ত পদে তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতনাদি পাবেন, তারা বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন, তারা বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।