আত্রাইয়ে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী কাউসার গ্রেফতার
নওগাঁর আত্রাইয়ে নেশা জাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী কাউসারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ মে) উপজেলার ভরতেতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কাউসার (২২) কে গান্ধীর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত আত্রাই থানার ওসি আব্দুল করিম। তিনি জানান, গ্রেফতারকৃত কাউসারকে তল্লাশি করলে তাঁর কাছে নেশা জাতীয় ৩৫০ পিস ইনজেকশন এবং ইনজেকশন এ্যাম্পল ১৫ পিচ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় সীমান্ত এলাকা হিলি থেকে সে নিজেই মাদক নিয়ে আসে এবং পরবর্তীতে সে এলাকায় বিক্রি করে।
এলাকাবাসী জানান, কাউসার একজন চিহ্নিত বড় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এ পর্যন্ত আটটি মাদকের মামলাও আছে বলে পুলিশের কাছ থেকে জানতে পেরেছি। তাকে গ্রেফতার করতে পারায় আত্রাই এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করছেন বলে জানা গেছে ।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে। তিনি মাদকবিরোধী অভিযানে আত্রাই উপজেলার লোকজনকে থানা পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান ।