কোল ফেইস বোনাসের দাবিতে বড়পুকুরিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে খনির আবাসিক গেটে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা ও দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিজার রহমান তপু, উপদেষ্টা আবু তাহের আবু, সভাপতি রায়হানুল ইসলাম, সদস্যসচিব আশরাফুল ইসলাম এবং শ্রমিক নেতা রবিউল ইসলাম।
বক্তারা বলেন, খনির ভূগর্ভস্থ ১৪০৬ নম্বর কোল ফেইসের কয়লা উত্তোলন চলতি বছরের জানুয়ারিতে শেষ হলেও এখনো ওই ফেইসের বোনাস শ্রমিকদের পরিশোধ করা হয়নি। ইদের আগেই বোনাস পরিশোধের দাবি জানিয়ে তাঁরা বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।
শ্রমিক নেতারা ঘোষণা দেন, আগামী শনিবার (২৩ মে) থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে খনি গেটে ইদের জামাত আদায়সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, ২০১৫ সাল থেকে শ্রমিকেরা নিয়মিত কোল ফেইস বোনাস পেয়ে আসছেন। কিন্তু এবার দীর্ঘদিন ধরে বোনাস আটকে থাকায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। তাই ন্যায্য দাবি আদায়ে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (এমডি-মাইনিং) খান মো. জাফর সাদিক বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টিতে কিছু জটিলতা রয়েছে, তবে আন্তরিকতার সঙ্গে তা সমাধানের চেষ্টা চলছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন। দ্রুত সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।