ফুলবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দ্বিতীয় ধাপে পরিচালিত এ সহায়তা কার্যক্রমে উপজেলার ২৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সাড়ে ৩৬ বান্ডেল ঢেউটিন ও ১ লাখ ৯ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলার ৩ হাজার ৬০০ পরিবারের মধ্যে ৯০ টন চাল বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ১০০ বান্ডেল স্পেশাল ঢেউটিন, ৩০ বান্ডেল সাধারণ ঢেউটিন এবং ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নির্ধারিত পরিমাণ ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ধারাবাহিকভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়
সহায়তা পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।