রবিবার, জুন ২১, ২০২৬

দেশব্যাপী নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রাবি ছাত্রীসংস্থার মানববন্ধন

রাবি প্রতিবেদক ২১ মে ২০২৬ ১০:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২১ মে ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
দেশব্যাপী নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রাবি ছাত্রীসংস্থার মানববন্ধন

শিশু রামিসা হত্যকান্ড, দেশব্যাপী নারী-শিশু নির্যাতন-ধর্ষন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে রাবি শাখা ইসলামী ছাত্রীসংস্থা। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ধর্ষকের কালোহাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না!’, ‘জাস্টিস ফর রামিসা’, ‘তনু থেকে আছিয়া-রামিসা, এরপর আর কত?’-সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান।


এ সময় মন্নুজান হল সংসদের ভিপি সুমাইয়া জাহান বলেন, রামিসা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতেও নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার বহু ঘটনা ঘটেছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। সরকারের বিভিন্ন উদ্যোগ থাকলেও বাস্তবে অনেকেই নিজেদের নিরাপদ মনে করছেন না। তিনি রামিসা হত্যাকান্ডসহ সব ঘটনার সুষ্ঠু বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হতে থাকবে।


মানববন্ধনে ছাত্রীসংস্থার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।