বিভিন্ন স্থানে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন
ঢাকার পল্লবীতে শিশু ধর্ষণ ও নৃশংস হত্যাসহ দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণ, হত্যার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) ঈশ্বরদীর সামাজিক সংগঠন ‘আলোর পথযাত্রী’ শহরের রেলওয়ে গেট জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে। এতে স্থানীয় বিভিন্ন সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়ে বক্তারা বলেন, যেখানে দেশের প্রধানমন্ত্রী মিরপুরের পল্লবীতে নৃশংস হত্যার শিকার শিশুর বাসায় গিয়ে তার পরিবারকে সান্তনা দিয়েছেন। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও ছিলেন, সেখানে এই আলোচিত হত্যাকান্ডের দ্রুত বিচার হবে এমনটাই দেশের মানুষ প্রত্যাশা করেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার সুষ্ঠ বিচার চাই। এমন আলোচিত ঘটনায় যদি বিচার না হয় তবে দেশের মানুষ একযোগে রাস্তায় নামতে বাধ্য হবে।
আলোর পথযাত্রী’র প্রতিষ্ঠাতা ও সভাপতি খালেদ মাহমুদ সুজনের সঞ্চালনা ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মানিকের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিতীদের মধ্যে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপু, সাবেক সভাপতি এসএম রাজা, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, রাজাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এম রাশেদুল আওয়াল রিজভী, পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর সভাপতি সেলিম সরদার, ঈশ্বরদী বনিক সমিতির সহসভাপতি সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, সাংবাদিক মাহবুবুল হক দুদু, জাহাঙ্গীর হোসেন, ওহেদুজ্জামান টিপু, মহিদুল ইসলাম, রিফাজ বিশ্বাস লালন, সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর কে বাবু প্রমূখ।