পেট্রোল ঢেলে সেই বাঁশিওয়ালার দোকান পুড়িয়ে দিল মাদকসেবী
পাবনার ঈশ্বরদীতে দোকানের সামনে মাদক নিয়ে কথা বলা ও ঝগড়া বিবাদ করতে নিষেধ করায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়া রেলওয়ে ষ্টেশনের পাশে হতদরিদ্র বাঁশিওয়ালা রহমত আলীর দোকানে স্থানীয় মাদকাসক্ত বখাটে মো. রতন প্রকাশ্যে আগুন ধরিয়ে দেয়।
আগুনে দোকানের মালামালসহ দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। রতন দাশুড়িয়ার হঠাৎপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। ঘটনার আকস্মিকতায় স্থানীয়রা সবাই মিলে দ্রুত আগুন নিভিয়ে দিলে দোকানের বাকি অংশ রক্ষা পেলেও মালামাল পুড়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্থ রহমত আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২২ মে) দুপুরে রহমত আলীর দোকানের সামনে রতন মাদক নিয়ে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ করছিল। এ সময় দোকানের সামনে এভাবে ঝগড়া বিবাদ ও মাদক নিয়ে কথাবার্তা বলতে রহমত আলী তাকে নিষেধ করেন। রহমত আলীর কথায় ক্ষুব্ধ হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তখন চলে গেলেও গতকাল শনিবার দুপুরে প্রকাশ্যে পেট্রোল ঢেলে দিয়ে দোকানে আগুন ধরিয়ে দেয় রতন। খবর পেয়ে আশেপাশের গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে অবস্থান গ্রহন করেন।
এসময় ক্ষুব্ধ এলাকাবাসী রতনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঘটনাস্থলে উপস্থিত দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন বলেন, অপরাধি যেই হোক না কেন তার বিচার করতে হবে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত: আশি বছর বয়সী হতদরিদ্র রহমত আলী ঈশ্বরদীর পথে পথে বাঁশি বাজিয়ে জীবিকা নির্বাহ করতেন। পেটের দায়ে এই বয়সে তার এভাবে কষ্ট করে জীবিকা নির্বাহ করা দেখে সমকাল সুহৃদ সদস্যরা নিজেরা উদ্যোগ নিয়ে রহমত আলীকে দাশুড়িয়া রেলওয়ে স্টেশনের নিকট একটি দোকান ঘর তৈরী করে মালপত্র কিনে বাকী জীবনটা একটু আরামে কাটানোর জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
২০২৩ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইমরুল কায়েস নিজে উপস্থিত থেকে রহমত আলীর এই দোকান উদ্বোধন করেছিলেন। সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর.কে.বাবু ও সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ বলেন, আমরা সুহৃদরা মানবিক উদ্যোগের অংশ হিসেবে বৃদ্ধ রহমত আলীর পাশে দাঁড়িয়েছিলাম। তার দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।