শনিবার, আগস্ট ২২, ২০২৬

বগুড়ায় নকল অনলাইন পেজ খুলে প্রতারণা, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি ২৪ মে ২০২৬ ০৮:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ২৪ মে ২০২৬ ০৮:৫১ অপরাহ্ন
বগুড়ায় নকল অনলাইন পেজ খুলে প্রতারণা, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

বগুড়া  অনুমোদনহীন নকল কসমেটিকস ও ওষুধ তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


রবিবার (২৪ মে)দুপুরে  গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলোনি বাজার এলাকার লতিফপুরের মন্ডল হাউজে অভিযান পরিচালনা হয়।


অভিযান সূত্রে জানা যায়, ফিরোজ কবির নামের এক ব্যক্তি কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই ‘ভরসা বাজার’, ‘নর্থ ফুড’ ও ‘আশ-শিফা’ নামের তিনটি অনলাইন পেজ খুলে ব্যবসা পরিচালনা করছিলেন। প্রতিষ্ঠানটি কোনো বিএসটিআই অনুমোদন বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রেজিস্ট্রেশন ছাড়াই বিভিন্ন ধরনের ক্রিম, কসমেটিকস, আয়ুর্বেদিক ওষুধ ও লিপবাম তৈরি করে আসছিল। এছাড়া একটি জনপ্রিয় ব্যথানাশক ব্র্যান্ডের তেল নকল করে ‘আশ-শিফা প্লাস’ নামে বাজারজাত এবং স্থানীয় বাজার থেকে সাধারণ ক্রিম কিনে নিজস্ব লেবেল লাগিয়ে ‘অথেনটিক প্রোডাক্ট’ হিসেবে বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছিল।


অপরাধ স্বীকার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত নকল তেল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। একই সাথে সব ধরনের বৈধ অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।


অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান।  এসময় ক্যাব-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং র‌্যাব-১২ ও জেলা পুলিশের দুটি চৌকস টিম এ অভিযানে সহযোগিতা করেন।