বিশ্ব পরিবেশ দিবসে শিশুদের বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-কে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে শিশুদের বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সচেতনতা উৎসব “শিশুর তুলিতে আগামী”। যুব নেতৃত্বাধীন ও সামাজিক সংগঠন ইয়ুথ চেঞ্জমেকারস নেটওয়ার্কের উদ্যোগে নগরীর মিয়াপাড়ায় পিনাকল স্টাডি হোমে অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ইয়ুথ চেঞ্জমেকারস নেটওয়ার্কের ডপুটি ডিরেক্টর ইশরাত জাহান কনা শিশুদের সাথে প্রকৃতি ও পরিবেশ নিয়ে এক প্রাণবন্ত আলোচনায় মেতে ওঠেন। তিনি শিশুদের সহজ ভাষায় বুঝিয়ে বলেন, বেঁচে থাকার জন্য গাছ আমাদের কতটা প্রয়োজন এবং কেন প্রত্যেকের নিজ নিজ বাসায় অন্তত একটি করে গাছ লাগানো ও তার নিয়মিত পরিচর্যা করা উচিত। এরপর তিনি খেলার ছলে শিশুদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঔষধি গাছের নামের সাথে পরিচয় করিয়ে দেন, যা কোমলমতি শিশুদের মাঝে দারুণ কৌতুহল সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক দিদারুল ইসলাম। তিনি বলেন, শিশুদের এখন বাড়ন্ত বয়স; এই বয়সে তারা যা দেখবে ও শিখবে, তা তাদের মনে সারা জীবন গেঁথে থাকবে। তাই এখন থেকেই যদি তাদের মাঝে পরিবেশ ও গাছের প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ জ্ঞান বিনিময় করা যায়, তবেই তারা সচেতন হতে শিখবে এবং ভবিষ্যতে এর ফলপ্রসূ প্রভাব দেখা যাবে।
তিনি আরও যোগ করেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে যেমন খাদ্য, শিক্ষা ও বাসস্থান প্রয়োজন, ঠিক তেমনি প্রয়োজন সুস্থ প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সঠিক জ্ঞান। কারণ আগামী দিনের ‘চেঞ্জমেকার’ তো তারাই, তাদের হাত ধরেই গড়ে উঠবে একটি নিরাপদ ও টেকসই পৃথিবী।
অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্য দিয়ে ৩ জন বিজয়ী নির্বাচিত হন। বিজয়ীরা হলেন প্রথম স্থান অধিকারী ঋত্বিকা সাহা (প্রথম শ্রেণী), দ্বিতীয় স্থান অধিকারী ইসরাত (দ্বিতীয় শ্রেণী) ও তৃতীয় স্থান অধিকারী, কথক সাহা (দ্বিতীয় শ্রেণী)। বিজয়ী ৩ জন ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুর মাঝেই উপহার প্রদানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।