নিয়ামতপুরে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সজনী সরদার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সজনী সরদার ছাতড়া গ্রামের বিফল সরদারের ছেলে এবং উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিফল সরদার পেশাগত কারণে সপরিবারে নিয়ামতপুরে সদরে বসবাস করেন। গতকাল সজনী তাঁর চাচাতো ভাইয়ের সঙ্গে ছাতড়া নিজ গ্রামে যান। আজ সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে সে আরও কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।
বিষয়টি জানতে পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।