শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাগমারায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী-সন্তান আহত

বাগমারা প্রতিনিধি ২৬ মে ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ২৬ মে ২০২৬ ০৮:৪৫ অপরাহ্ন
বাগমারায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী-সন্তান আহত

রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের আত্রাই-ভবানীগঞ্জ রোডের নাগপাড়া নামক স্থানে মঙ্গলবার (২৬মে) সকাল সাড়ে নয়টার দিকে ট্রাকের ধাক্কায় নাজমুল হোসেন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী বর্ষা খাতুন ও আড়াই বছরের ছেলে আফসা গুরুতর আহত হয়েছে। আহতদের মেডিকেলে ভর্তি করা হয়েছে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ভবানীগঞ্জ অভিমুখের একটি ট্রাক নাগপাড়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী নাগপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে নাজমুল হোসেন স্ত্রী-সন্তান নিয়ে অতিক্রম করার সময় ট্রাকটি তাদের ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাজমুল হোসেন মারা যায়। স্ত্রী-সন্তান ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহীতে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয়রা নওগাঁ সদরের দোগাছি মহল্লার আব্দুল লতিফের ছেলে ট্রাক চালক শামিম (৪৫) কে ট্রাকসহ আটক করে পুলিশে দেয়। 


যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক তারিক বিন খালিদ জানান, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ট্রাকের চালক কে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।