শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে গৃহবধূর মাথা ন্যাড়া করার অভিযোগে স্বামী-ননদ গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি ২৯ মে ২০২৬ ০৮:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৯ মে ২০২৬ ০৮:২৩ অপরাহ্ন
ঈশ্বরদীতে গৃহবধূর মাথা ন্যাড়া করার অভিযোগে স্বামী-ননদ গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে স্ত্রীকে নির্যাতনের পর স্বামী ও ননদ মিলে তার মাথার চুল কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) ইদের দিন দিবাগত রাত ২টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামে এ ঘটনা ঘটে।


নির্যাতন ও মাথার চুল কেটে নেওয়ার অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ তানিয়া খাতুন ঈশ্বরদী থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ চাঁদ আলী খাঁ ও সান্তনা খাতুনকে শুক্রবার (২৯ মে)  গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছে পুলিশ।


অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে প্রায়ই চাঁদ আলী তার স্ত্রী তানিয়া খাতুনের কাছে যৌতুকের টাকা দাবি করতেন। না দিতে পারলে নির্যাতন, মারধর করেন। এর আগে তাকে দেড় লাখ টাকা বাবার বাড়ি থেকে এনেও দিয়েছেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার টাকা চায়। না দিতে পারায় মারধর করে। গৃহবধূ তানিয়া খাতুন বলেন, প্রায়ই যৌতুক হিসেবে টাকা দাবি করে। না দেওয়া হলে মারধর, নির্যাতন করে।


গত ২৪ মে তারিখেও আমাকে মারধর করে। এরই ধারাবাহিকতায় ইদুল আজহার দিন বৃহস্পতিবার রাতে আবারো দেড় লাখ টাকা বাবার বাড়ি থেকে এনে দেওয়ার জন্য স্বামী ও তার বোন সান্তনা খাতুন আমাকে চাপ দেন। আমি রাজি না হওয়ায় নির্যাতন করে দুজন মিলে চুল কাটা যন্ত্র দিয়ে দিয়ে আমার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। খবর পেয়ে তানিয়ার পরিবারের সদস্যরা তাকে ঈশ্বরদী থানায় নিয়ে যান।


ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি) আশাদুর রহমান বলেন, এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে চাঁদ আলী খাঁ ও সান্তনা খাতুনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। পরে বাবুলচারা এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হবে।