শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে দেড় ঘণ্টা বৃষ্টি, ডুবল নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক ২৯ মে ২০২৬ ০৮:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৯ মে ২০২৬ ০৮:৩০ অপরাহ্ন
রাজশাহীতে দেড় ঘণ্টা বৃষ্টি,  ডুবল নিম্নাঞ্চল
রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির মাঝেও জলাবদ্ধতার ভোগান্তি

রাজশাহীতে টানা দেড় ঘণ্টা বৃষ্টি হয়েছে। এতে স্বস্তি দিলেও তৈরি হয়েছে ভোগান্তি। এই বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর  নিচু এলাকাগুলোতে। 


শুক্রবার (২৯ মে) দুপুর আড়াইটায় শুরু হয়ে মুষলধারে বৃষ্টি হয় চারটা পর্যন্ত। জৈষ্ঠ্যমাসের মাঝামাঝি সময়ের এই বৃষ্টিতে নগরীর সাগরপাড়া, বোসপাড়া, পঞ্চবটি, টিকাপাড়া, তেরখাদিয়া, উপশহর, হেতেমখাঁ, বর্ণালী এলাকাসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 


ইদুল আজহার দ্বিতীয় দিনে যারা ঘোরাসহ প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হয়েছিলেন তাদের বৃষ্টির পানি মাড়িয়েই কাজ-কর্ম শেষে বাড়ি ফিরতে হচ্ছে। রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে।


জলাবদ্ধতায় মানুষের কিছুটা ভোগান্তি হলেও বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেছে নগরবাসী। কারণ ইদুল আজহার কোরবানির পর পশুর রক্ত ও বর্জ্য কিছুটা সড়কে জমে ছিল। দুপুরের এই ভারী বৃষ্টিতে সেটা পানিতে ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে গেছে। 


একে একটি বড় স্বস্তির বিষয় হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তবে উল্টো দিকে নগরবাসীকে পড়তে হয়েছে জলাবদ্ধতার ভোগান্তিতে। একটানা ভারী বৃষ্টির কারণে নগরীর বেশ কিছু নিচু এলাকায় পানি জমে যায়। এতে রাস্তাঘাটে চলাচলরত মানুষ ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।


রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানিয়েছেন, এসময়ের মধ্যে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।